ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে এক ব্যক্তির প্রাণ হারানোর বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
গতকাল বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। ‘আনকেয়ারড ফর, পেসেন্ট টেকস হিজ লাইফ’ শিরোনামে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ গতকাল প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন সহায়তাকারী ও মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র রিটটি করে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, এ এম আমিন উদ্দিন, আবু ওবায়দুর রহমান ও অবন্তী নূরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। পরে অবন্তী নূরুল প্রথম আলোকে বলেন, নুরুন্নবী নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গত সোমবার নিয়ে আসা হলেও তাঁকে কেউ দেখেননি। পরদিন সকাল পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলা হয়। গত মঙ্গলবার পৌনে ১০টার দিকে ব্যথা সইতে না পেরে নুরুন্নবী আটতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন বলে ওই প্রতিবেদনে বলা হয়। ওই ঘটনায় চিকিৎসাসেবা প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
রুলে ওই ব্যক্তির চিকিৎসাসেবা প্রদানে ব্যর্থতা ও অবহেলা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে সারা দেশের সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া নুরুন্নবীর পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়েও জানতে চাওয়া হয়েছে।