স্বাস্থ্যসচিবসহ ৫ জনের প্রতি আদালত অবমাননার রুল
বরিশালের ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালসের অ্যান্টিবায়োটিক উৎপাদন ও বিক্রি এবং তদারকি–সংক্রান্ত আদালতের নির্দেশনা প্রতিপালন না হওয়ায় স্বাস্থ্যসচিব এবং তিন সংস্থার মহাপরিচালকসহ পাঁচজনের প্রতি আদলত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) নীতি অনুসরণ ছাড়াই এই প্রতিষ্ঠান অ্যান্টিবায়োটিক উৎপাদন করে আসছে বলে অভিযোগ রয়েছে।
আদালত অবমাননার অভিযোগে করা একটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রুল দেন।
যাঁদের প্রতি রুল হয়েছে, তাঁরা হলেন স্বাস্থ্যসচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ও ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক।
জিএমপি অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক উৎপাদন ও বিক্রি বন্ধে ২০১৬ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট আবেদন করে। এর চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন।
ওই রায় প্রতিপালন না হওয়ার অভিযোগ তুলে আদালত অবমাননার আবেদনটি করে এইচআরপিবি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, অ্যান্টিবায়োটিক উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোর জিএমপি অনুসরণ না করা এবং এ বিষয়ে তদারকি–সংক্রান্ত আদালতের রায়ের নির্দেশনা অমান্য করায় তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না—রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিবসহ পাঁচ কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসকের প্রতি রুল
অপর এক আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ ও আইনজীবী খান মোহাম্মদ আলাউদ্দিনের প্রতি আজ আদালত অবমানার রুল দিয়েছেন হাইকোর্টের একই দ্বৈত বেঞ্চ।
পিরোজপুর শহরে অবস্থিত গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের অ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেনারেল সেক্রেটারি খান মোহাম্মদ আলাউদ্দিন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম ছিদ্দিকুর রহমান খান। আদেশের বিষয়টি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের ১৫ নভেম্বর অ্যাডহক কমিটি গঠিত হয়। কমিটি বেআইনিভাবে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা করে। এ নিয়ে রিট করা হলে আদালত রুল দেন। রুল বিচারাধীন অবস্থায় কমিটি ওই অবৈধ ভোটার তালিকা দিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করে। রুলের জবাব না দেওয়া এবং গঠনতন্ত্রবিরোধী ওই কার্যক্রম পরিচালনা করায় আদালত জেলা প্রশাসক ও খান মোহাম্মদ আলাউদ্দিনের প্রতি আদালত অবমানার রুল দিয়েছেন।’