স্বাস্থ্যসচিবের চমেক হাসপাতাল পরিদর্শন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম ও সহকারী সচিব মো. শামীম আহমেদ গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। পরে কলেজ ও হাসপাতালের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তাঁরা।
হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রচার আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অপরিষ্কার এবং চিকিৎসাসেবার অনুপযোগী। বিষয়টি আমাকে সরেজমিনে দেখার জন্য বলা হয়েছে। আমি আজ চিকিৎসাসেবার বাস্তব অবস্থা দেখতে এসেছি।’
সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খানসহ সব বিভাগের বিভাগীয় প্রধান এবং জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হাসপাতালের চলমান উন্নয়নকাজ এবং বাস্তব অবস্থা তুলে ধরেন। হাসপাতালের বেহাত হওয়া ভূ-সম্পত্তি উদ্ধারে আইনগত সহযোগিতার জন্য সচিবকে অনুরোধ করেন। সভা শেষে সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন।