স্বাস্থ্যসচেতনতা বাড়াতে প্রচারণায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিতে দঁাড়িয়ে আছে একদল শিক্ষার্থী। তাদের সামনে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে তথ্য তুলে ধরছে এক শিক্ষার্থী। মহেশখালীর মাতারবাড়ীর সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার শিক্ষার্থীরা নেমেছে স্বাস্থ্য​সচেতনতা বাড়ানোর প্রচারণায় l প্রথম আলো
সারিতে দঁাড়িয়ে আছে একদল শিক্ষার্থী। তাদের সামনে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে তথ্য তুলে ধরছে এক শিক্ষার্থী। মহেশখালীর মাতারবাড়ীর সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার শিক্ষার্থীরা নেমেছে স্বাস্থ্য​সচেতনতা বাড়ানোর প্রচারণায় l প্রথম আলো

বেলা সাড়ে ১১টা। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে এক স্থানে জড়ো করছিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুফা সুলতানা ও মো. মিনহাজুল ইসলাম। সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর শিক্ষার্থীদের সামনে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারসহ নানা স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরছিল তারা।
কেবল মারুফা ও মিনহাজুল নয়, এমন প্রচারণায় দেখা গেল আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাসের প্রচারণা চালাচ্ছিল তারা। ২৩ নভেম্বর মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের বিদ্যালয়টিতে গেলে এমন দৃশ্য চোখে পড়ে।
প্রচারণায় অংশ নেওয়া মো. মিনহাজুল ইসলাম বলে, ‘খোলা পায়খানা ব্যবহার করলে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু বিষয়টি আমাদেরও আগে জানা ছিল না। ১০ মাস আগে বাংলা-জার্মান সম্প্রীতি নামের একটি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যকর্মীরা বিদ্যালয়ে এসে এ বিষয়ে তাদের জানায় এবং প্রশিক্ষণ দেয়। সচেতনতা হয়ে এখন আমরা নিজেরাই প্রচারণায় নেমেছি।’
মিনহাজুল তার পরিবারকেও এ বিষয়ে উদ্বুদ্ধ করেছে। এখন তার বাবা আবদুল মোনাফ বাসায় সেনেটারি পায়খানা স্থাপন করেছেন। পায়খানা স্থাপনের পর গত ছয় মাসে পরিবারের কেউ ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘স্বাস্থ্য–সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে উন্নয়ন সংস্থা বাংলা–জার্মান সম্প্রীতি। প্রশিক্ষণ পাওয়া ওই শিক্ষার্থীরা বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থীকে সচেতন করার কাজে নেমেছে।
স্বাস্থ্য–সংক্রান্ত আলোচনায় কী কী বিষয় তুলে ধরা হয়? জানতে চাইলে প্রচরণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকেরা বলে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি ব্যবহারের ওপর বেশি জোর দেওয়া হয়। এরপর স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া, প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্য সুরক্ষা এবং ডায়রিয়া ও কৃমির প্রকোপ সম্পর্কে আলোচনা করে তারা। এ ছাড়া বিভিন্ন রোগ ও রোগের প্রতিরোধ সম্পর্কেও খোলামেলা কথা বলে তারা শিক্ষার্থীদের সঙ্গে। পাশাপাশি বয়ঃসন্ধিকাল, পুষ্টিকর খাবার, বাল্যবিবাহ ও ভাইরাস জ্বর বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করে তোলে তারা।
জানতে চাইলে বাংলা–জার্মান সম্প্রীতি মাতারবাড়ী শাখার সহকারী প্রকল্প সমন্বয়কারী আবদুুর রহিম বলেন, শিশুদের স্বাস্থ্যসেবায় সচেতন করতে চলতি বছরের জানুয়ারি থেকে এই এলাকার ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার পর সচেতন শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্য ও বিদ্যালয়ের অন্যান্য শিশুদের মধ্যে প্রচারণা চালাচ্ছে।