স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ও পানির ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রাথমিক পর্যায়ের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা নেই।২০১১ সালে রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর উপজেলার ২৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পানি ও স্যানিটেশন ব্যবস্থার ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৮১টি সরকারি ও ১০৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০টি কিন্ডারগার্টেন ও ৩৭টি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা।জরিপে দেখা গেছে, রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যাওয়ায় এর পানি কেউ পান করে না। ফলে শিক্ষার্থীদের বাড়ি থেকে পানি আনতে হয় অথবা পাশের অন্য কোনো নলকূপের পানি জোগাড় করে পান করতে হয়। শিক্ষকদের বেশির ভাগই বাড়ি থেকে পানি নিয়ে আসেন। ধানগড়া ইউনিয়নের ঝাপড়া মল্লিকচান বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের নলকূপটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পানি পানের জন্য যেতে হয় পাশের কোনো বাড়িতে অথবা নিজেদের বাড়িতে। এ বিদ্যালয়ের শৌচাগারের অবস্থা এতই খারাপ যে পারতপক্ষে কেউ এদিকে যেতে চায় না। এ অবস্থা উপজেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ের।ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা ২৫০। ১০০ মাত্রার আর্সেনিক পাওয়া গেছে উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওদা শালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে। এ তিনটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী মারাত্মক আর্সেনিক ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া নলকা ইউনিয়নের দত্তকুশা, সুজাপুর, কেসি ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমাজপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ধুবিল ইউনিয়নের ঝাউল দাখিল মাদ্রাসা, শ্যামেরঘোন বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ধানগড়া ইউনিয়নের জয়ানপুর ও আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লাহোর এবতেদায়ি মাদ্রাসার নলকূপের পানিতে ৫০ মাত্রার আর্সেনিক পাওয়া গেছে।জরিপে আরও দেখা গেছে, এসব বিদ্যালয়ের বেশির ভাগ নলকূপের পাদদেশ পাকা করা হয়নি। ফলে পানি পান করতে গেলে কাদা পানিতে একাকার হতে হয় সবাইকে। ৬১টি বিদ্যালয়ের পয়োনিষ্কাশন (স্যানিটেশন) ব্যবস্থা অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়েছে। ৮০টি বিদ্যালয়ের পয়োনিষ্কাশন ব্যবস্থা মোটামুটি হলেও এগুলোর অবস্থা নাজুক।ভালো স্যানিটেশন ব্যবস্থা আছে এমন বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা গেছে, ছাত্রছাত্রীদের আলাদা শৌচাগার নেই। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় বিদ্যালয়গুলোতে এসব সমস্যা বিরাজ করছে।রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. আবদুল আজিজ বলেন, নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক আছে এমন ১১টি বিদ্যালয়ের নলকূপ চলতি বছরেই আর্সেনিকমুক্ত করার পরিকল্পনা রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আহাদ বলেন, আগামী প্রজন্মকে আর্সেনিকমুক্ত পানি ও স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।