স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম সমন্বয়ের সিদ্ধান্ত
স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম সমন্বিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের (এইচএনপিএসপি) পরবর্তী পর্যায় নির্ধারণ করা হবে। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক সভার সভাপতিত্ব করেন। অভিযোগ ওঠে, বেশ কয়েক বছর থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে কোনো সমন্বয় ছিল না। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত যতটা সম্ভব সমন্বিত ও একীভূত করার বিষয়ে সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সভায় এইচএনপিএসপির বিষয় আলোচনা হয়। চলমান এইচএনপিএসপির মেয়াদ শেষ হবে ২০১১ সালের জুন মাসে। মেয়াদ শেষ হওয়ার পরই কোনো রকম সময় নষ্ট না করেই যেন পরবর্তী কার্যক্রম শুরু করা যায় সে জন্য পরবর্তী পর্যায় নির্ধারণ করার কাজ শুরু করেছে সরকার। চলতি বছরের জুন মাসের মধ্যে খসড়া পরবর্তী খাত কার্যক্রম নির্ধারণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বি ডি মিত্র প্রমুখ।