চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি দিনের পর দিন তালাবদ্ধ অবস্থায় থাকে। এ কারণে পদ্মা নদীর পাড়ে প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত ওই ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।
পাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) বিশ রশিয়া গ্রামের বাসিন্দা লাল মোহাম্মদ বলেন, চরের মানুষ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সাংসদ গোলাম রাব্বানী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বহুবার জানিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
পাকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা না পাওয়ার বিষয়টি উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় আগে উত্থাপন করেছি। মাসের পর মাস উত্থাপন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, পাকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় রয়েছে। নদীভাঙনে বিদ্যালয় ভবন বিলীন হয়ে যাওয়ার পর গত ১২ অক্টোবর থেকে চরপাকা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই কেন্দ্রের সামনে গাছতলায় ও আবাসিক ভবনের ফাঁকা কক্ষগুলোতে পাঠদান করানো হচ্ছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক বলেন, এ মাসের ৩ তারিখে স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মীকে এই কেন্দ্রে আসতে দেখা গেছে। তিনি ঘণ্টা দুয়েক অবস্থানের পর ফিরে গেছেন। এখান থেকে কাউকে ওষুধ দিতে দেখা যায়নি।
পাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম অভিযোগ করেন, কখনো মাসে কিংবা দুই মাসে একবার এখানে কর্মরত উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা আসেন। দু-এক ঘণ্টা থাকার পর আবার ফিরে যান। অথচ এখানে তাঁদের থাকার জন্য একাধিক আবাসিক ভবন রয়েছে। এই ইউনিয়নের কয়েক হাজার মানুষ বছরের পর বছর ধরে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। সুবিধাবঞ্চিত এসব মানুষের মধ্যে অধিকাংশই খুব গরিব। হৃদ্রোগে আক্রান্ত রোগী ও গর্ভবতী মায়েদের দূরের হাসপাতালে নেওয়ার পথেই কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন আলাউদ্দীন বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি পরিবার পরিকল্পনা বিভাগের অধীন। ওই কেন্দ্রের চাবি তাঁদের কর্মকর্তা-কর্মচারীদের হাতে থাকে। সেখানে স্বাস্থ্য বিভাগের একজন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা কর্মরত আছেন। কেন্দ্রটি ঠিকমতো খোলা হয় না বলে তিনি ফাঁকি দেন। এ ছাড়া এগুলো তদারকির দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের। তাঁরাও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলো ঠিকমতো পরিদর্শন করেন না।
পরিবার পরিকল্পনা বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবদুস সালাম বলেন, ‘ওই কেন্দ্রে এ বিভাগের একজন নারী উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। নারীরা সাধারণত পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরে গিয়ে নিয়মিত কাজ করতে চান না। সম্প্রতি তদবির করে তিনি বদলিও হয়ে গেছেন। আমরা সেখানে একজন পুরুষ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি।’
পাকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দায়িত্বে থাকা উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা খাদিজা বেগম বলেন, ‘পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরে গিয়ে নারীদের জন্য দায়িত্ব পালন করা কষ্টকর। তারপরও আমি সেখানে গিয়ে সপ্তাহ খানেক থেকে চিকিৎসা দিয়ে ফিরে আসতাম। তবে আমি এক মাস আগে সেখান থেকে বদলি হয়েছি।’