স্বাস্থ্যসেবা থেকে বহু দূরে চর ও দ্বীপের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুলতানা বেগমের এক ছেলে ও এক মেয়ে। আবার সাত মাসের অন্তঃসত্ত্বা সুলতানা জানালেন, আগের দুই সন্তানের জন্ম বাড়িতে হয়েছে। অনাগত সন্তানের জন্ম বাড়িতেই হবে। যদি কোনো জটিলতা দেখা দেয়—এ প্রশ্নের উত্তরে বললেন, ‘কাছাকাছি কোনো হাসপাতাল নেই, আপদ-বিপদ হইলে মাইজদী শহরে যাইতে হইব।’

হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের চরনাঙ্গুলিয়াতে সুলতানার বাড়ি থেকে নোয়াখালীর মাইজদীতে জেলা হাসপাতালের দূরত্ব ৪০ কিলোমিটার। সড়কপথে যাতায়াতের ব্যবস্থা আছে। হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব কিছুটা কম। কিন্তু সেখানে যেতে হয় উত্তাল মেঘনা নদী পার হয়ে। যদি বিপদ হয়, তখন যাতায়াতসহ বিভিন্ন সমস্যার কথা মনে করেই হয়তো সুলতানা বললেন, ‘আল্লাহ ভরসা।’

হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লার চরের পাঁচ মেয়ে ও এক ছেলের মা আরেকটি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেলেন গত সপ্তাহে। ৪, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার তাহেরা বেগমের ভাষায়, ‘সন্তান খালাস করতে গিয়ে’ এই মায়ের মৃত্যু হয়েছে। প্রথম আলোকে তাহেরা জানালেন, প্রথমে এলাকার দাই মা (ধাত্রী) সন্তান প্রসবের জন্য চেষ্টা করেন। অবস্থা খারাপ হলে মাকে হাতিয়ায় নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা নিতে বলেন নোয়াখালীতে। পুরো দুটো দিন দৌড়ঝাঁপ করতে করতে মা ও সন্তান মারা যায়।

হাতিয়া, নিঝুম দ্বীপে শুধু মাতৃস্বাস্থ্য নয়, সব ধরনের স্বাস্থ্য ব্যবস্থাই নাজুক। নিঝুম দ্বীপে এখন পর্যন্ত ডায়রিয়াতে শিশু মারা যাচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, নিঝুম দ্বীপে সরকারের কমিউনিটি ক্লিনিক আছে একটি। সেখান থেকে সর্দি, কাশি ছাড়া আর কোনো অসুখে তেমন কোনো সেবা পাওয়া যায় না। সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের দেখা পাওয়াকে ‘সৌভাগ্য’ বলেই মনে করেন এলাকাবাসী।

গত ১৬ থেকে ১৮ জানুয়ারি হাতিয়ার বিভিন্ন চর এবং নিঝুম দ্বীপের বাসিন্দাদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য ব্যবস্থার এ চিত্র পাওয়া যায়। নিঝুম দ্বীপের একমাত্র পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মো. ইয়াছিন বলেন, ‘আল্লায় সবাইরে ভালো রাখছে, জরুরি কিছু হইলে খবর ছিল।’

.
.

স্বাস্থ্য–সংশ্লিষ্ট এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেল, বিভিন্ন চর বা নিঝুম দ্বীপ থেকে হাতিয়া এবং নোয়াখালী পর্যন্ত যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। কোনো কোনো অঞ্চলে যোগাযোগের একমাত্র মাধ্যম মোটরসাইকেল। মেঘনা নদী পার হতে হয় জোয়ার-ভাটার নিয়ম মেনে। বর্ষা কাল, ঝড়, জলোচ্ছ্বাসের সময়তো কথাই নেই।

হাতিয়ার বেশির ভাগ এলাকা এবং নিঝুম দ্বীপে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। ঘরে ঘরে টেলিভিশন নেই। কমিউনিটি রেডিও সব জায়গা থেকে শোনা যায় না। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতায় টেনেটুনে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লেও এর পরে বেশির ভাগ ছেলে মেয়ের পড়া বন্ধ হয়ে যায়। বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য এদের কাছে কোনো তথ্যই পৌঁছাচ্ছে না। এনজিওসহ কিছু সংস্থা কিছু কার্যক্রম পরিচালনা করলেও তা পর্যাপ্ত নয়।

নিঝুম দ্বীপে কয়েকজন কিশোরীর কাছে বাল্যবিবাহ ও মাসিক নিয়ে জানতে চাইলে লজ্জায় তাদের প্রায় কথা বলা বন্ধ হয়ে যায়। একজন লাজুক মুখে বলে-অল্প বয়সেই তো সবার বিয়া হয়। মাসিক নিয়ে তো কথা বলতেই রাজি হলো না। কিশোর-কিশোরী, যুবসহ সব বয়সী মানুষের জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা। পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় আসেনি বেশির ভাগ দম্পতি। তিন বা চার সন্তানের কম সন্তান আছে এমন দম্পতির দেখা মেলা কঠিন ব্যাপার। আট, নয়, এমনকি ১১ সন্তান আছে, সে ধরনের পরিবারেও দেখা মিলল।

নিঝুম দ্বীপের মেম্বার তাহেরা বেগম নিজেও বাল্যবিবাহের শিকার। তাঁর চার মেয়ে, এক ছেলে। তিনি জানালেন, তাঁর এলাকায় সরকারের পরিবার পরিকল্পনা নিয়ে কর্মরতাদের দেখা মেলে অনেক দিন পরপর।

বিভিন্ন চরে ছেলে সন্তানের আশায় সন্তান সংখ্যা বেড়ে যাচ্ছে। চর নাঙ্গুলিয়ার আবুল কাশেমের তিন মেয়ে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। এক মেয়ে মাদ্রাসায় পড়ছে। আরও সন্তান চান কি না জানতে চাইলে বললেন, একটা ছেলে হইলে তো খারাপ হয় না। ছেলে ছাড়া সংসার দেখব কে?

.
.

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু স্বাস্থ্য) মোহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, জনবল স্বল্পতা এবং নজরদারির অভাবে হাতিয়া, নিঝুম দ্বীপসহ বিভিন্ন এলাকার অবস্থা খারাপ। হাতিয়ায় মাত্র কয়েক দিন হলো একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এত দিন কোনো কর্মকর্তা ছিলোই না। মাঠ পর্যায়ের জনবল অবসরে চলে যাচ্ছে। তাই চর এলাকাগুলোর অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক।

৫০ শয্যাবিশিষ্ট হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, জনসংখ্যা এবং পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে অপ্রতুলই বলা যায়। হাসপাতালটিতে সম্প্রতি নার্সের সংখ্যা বেড়ে ১১–তে দাঁড়িয়েছে। কাগজে-কলমে নয়জন থাকলেও কর্মরত আছেন পাঁচজন চিকিৎসক। স্বাভাবিক প্রসবের পাশাপাশি ২০১৫ সালের জুন থেকে এ পর্যন্ত অস্ত্রোপচার করে সন্তান প্রসব হয়েছে প্রায় ২৭০ জন মায়ের। সোনাদিয়া এবং চরকিং ইউনিয়নে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা করা হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রে। অন্যান্য ইউনিয়নে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা নেই। চর বা দ্বীপে কোনো মায়ের জটিলতা দেখা দিলে তা জানানো হলে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়।

নাজিম উদ্দিন বললেন, হাতিয়া এবং এখানকার বিভিন্ন ইউনিয়ন থেকে এখন পর্যন্ত অনেক মাকে হাসপাতাল পর্যন্ত আনাই যায় না। পরিবারগুলো ভাগ্যে যা আছে তাই হবে বলে বাড়িতে বসে থাকে। এসব এলাকায় ব্যাপক প্রচার চালানো প্রয়োজন।

উপজেলা সদর থেকে এ দ্বীপের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। সহযোগী সংস্থা দ্বীপ উন্নয়ন সংস্থা নিঝুম দ্বীপে সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় ‘দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি)’ কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমের আওতায় স্বাস্থ্য সহকারী আছেন একজন। স্বাস্থ্য সেবিকা নয়জন। ২০১৪ সালের অক্টোবর মাস থেকে কার্যক্রমের অধীনে স্বাস্থ্য কার্ড বিক্রি করা হয়েছে ১ হাজার ৭৫টি (১০০ টাকা দিয়ে এক বছরের জন্য স্বাস্থ্য কার্ড দিয়ে পুরো পরিবারের চিকিৎসা)। এ ছাড়া বিনা মূল্যে সেবা দেওয়ার জন্য স্ট্যাটিক ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মরতরা জানালেন, স্যাটেলাইট ক্লিনিক দ্বীপে ভালো সাড়া ফেলেছে। তবে সপ্তাহে একজন এমবিবিএস চিকিৎসক হাতিয়া থেকে গিয়ে তিন হাজার টাকার বিনিময়ে চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করেন। বর্তমানে সম্মানীর পরিমাণ তিন হাজার থেকে চার হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া স্যাটেলাইট ক্লিনিকসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় সে অর্থে পুরো ইউনিয়নের এলাকাবাসীর স্বাস্থ্য সেবার যে চাহিদা তা পূরণ করা সম্ভব হচ্ছে না।

দ্বীপ উন্নয়ন সংস্থার অধীনে স্বাস্থ্য সেবিকা জারমিনা বেগম নিঝুম দ্বীপের ৫০০ পরিবারের দেখভাল করছেন। তিনি জানালেন, গত বছর তাঁর অধীনে গর্ভবতী মা ছিলেন ১০ জন। এদের চার থেকে পাঁচজনেরই বয়স ছিল ১৫ বছরের কম। সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন চারজন।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী (নদীভাঙন এলাকা) ইউনিয়নে পিকেএসএফের সহায়তায় সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

নোয়াখালী, হাতিয়া, নিঝুম দ্বীপে ইউএসএআইডির আর্থিক সহায়তায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য মা-মনি প্রকল্প বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন। সংস্থার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান প্রথম আলোকে বলেন, হাতিয়া, নিঝুম দ্বীপের মতো অঞ্চলগুলোতে অবকাঠামো যাও থাকে, কিন্তু সেখানে স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য জনবলকে নিয়োগ দিলেও তাদের রাখা যায় না। নোয়াখালী শহরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক আছে। কিন্তু বিচ্ছিন্ন চর বা দ্বীপে কেউ ব্যবসা করতে চান না।