স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর সম্প্রসারণ ও উন্নয়নের কাজ চলছে। গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে ওয়াহাব-তৈয়েবা মেমোরিয়াল হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় ওয়াহাব-তৈয়েবা ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মো. হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় অন্যদের মধ্যে নোয়াখালী-১ (চাটখিল) আসনের সাংসদ এ এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, সিভিল সার্জন মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করছে। তিনি বলেন, সরকার মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সাড়ে ছয় হাজার নতুন চিকিৎসক নিয়োগ দিয়েছে।
পরে স্পিকার ওয়াহাব-তৈয়েবা মেমোরিয়াল হসপিটালের বিভিন্ন ওয়ার্ড ও চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।
নাগরিক সংবর্ধনা: বিকেলে ম্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্পিকার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা বর্তমান বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে পরিচিতি পেয়েছে। সরকার বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার মেগাওয়াট থেকে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংসদ এ এইচ এম ইব্রাহিম।