রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে বক্তারা বলেছেন, আত্মহত্যাজনিত মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য। অধিকাংশ ব্যক্তিই আত্মহত্যার সময় কোনো-না-কোনো গুরুতর মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকেন। স্বাস্থ্যকর জীবনযাপন, শারীরিক ও মানসিক—যেকোনো অসুস্থতায় যথাযথ স্বাস্থ্যসেবা লাভের সুযোগ আত্মহত্যাপ্রবণতা কমায়।
১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘সুইসাইড: বাংলাদেশ সিনারিও’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ফারজানা রহমান এবং আত্মহত্যাবিষয়ক কেস রিপোর্ট ও ভিডিও চিত্র উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল বলেন, কিছু বিষয় রয়েছে যেগুলোকে প্রোটেকটিভ ফ্যাক্টর বা রক্ষাকারী বিষয় বলা হয়। জীবনের খারাপ সময়গুলোতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, নিজের প্রতি শ্রদ্ধা ও আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের কার্যকর দক্ষতা এবং প্রয়োজনে অন্যের কাছ থেকে ইতিবাচক সহায়তা লাভের চেষ্টা এগুলোকে আত্মহত্যার ক্ষেত্রে রক্ষাকারী বা প্রতিরোধী বিষয় হিসেবে গণ্য করা হয়।
মোহিত কামাল বলেন, সামাজিক ও ধর্মীয় রীতিনীতি, অনুশাসন, ভালো বন্ধু, প্রতিবেশী ও সহকর্মীর সঙ্গে সামাজিক সুসম্পর্ক প্রভৃতি আত্মহত্যাপ্রবণতা হ্রাসে সহায়তা করে। এ ছাড়া সুষম খাদ্যগ্রহণ, পর্যাপ্ত নিদ্রা, নিয়মিত শরীরচর্চা, ধূমপান ও মাদকাসক্তি থেকে দূরে থাকা তথা স্বাস্থ্যকর জীবনযাপন এবং শারীরিক ও মানসিক যেকোনো অসুস্থতায় যথাযথ স্বাস্থ্যসেবা লাভের সুযোগ আত্মহত্যাপ্রবণতা কমায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক মো. গোলাম রাব্বানী বলেন, আত্মহত্যাজনিত মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ ব্যক্তিই আত্মহত্যার সময় কোনো-না-কোনো গুরুতর মানসিক রোগে আক্রান্ত থাকেন। আত্মহত্যাপ্রবণ ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁদের আত্মহননের ইচ্ছার কথা আত্মীয় বা বন্ধুর কাছে ব্যক্ত করে থাকেন। হয়তো সেটা গুরুত্ব দেওয়া হয় না বা মানসিক রোগ নিশ্চিত হলেও যথাযথ চিকিৎসা করা হয় না।
সেমিনারের সভাপতি সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক মো. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, আত্মহত্যা প্রতিরোধে এ-সম্পর্কিত কুসংস্কার দূর করার জন্য তথ্যভিত্তিক ইতিবাচক প্রচারণা, শিক্ষা ও সচেতনতার প্রয়োজন।
সেমিনারে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মো. আবদুল হামিদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের চেয়ারম্যান ঝুনু শামসুন্নাহার উপস্থিত ছিলেন।