স্বাস্থ্যসেবাবিহীন উপজেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ উপজেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার একসময়ের বৃহৎ সার কারখানা। আছে বিদ্যুৎকেন্দ্র, খাদ্যশস্য সংরক্ষণাগার সাইলো এবং প্রাকৃতিক গ্যাস শোধনাগার স্টেশনের মতো রাষ্ট্রীয় স্থাপনা, প্রবহমান মেঘনার বিশালতা, নৌবন্দর আর ট্রানজিট পয়েন্ট। কিন্তু এই উপজেলা প্রতিষ্ঠার ১৪ বছর পরও এটি এখন স্বাস্থ্যসেবাবিহীন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের অংশ ছিল আশুগঞ্জ। নাগরিক আন্দোলনের মুখে উপজেলার মর্যাদা পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আলাদা হয় ১৯৯৭ সালে। তখন নিকারের সিদ্ধান্তে সদর, চর চারতলা, আড়াইসিধা, তালশহর, শরীফপুর, লালপুর ও সরাইল উপজেলার দুর্গাপুর ইউনিয়ন নিয়ে এ উপজেলার যাত্রা শুরু। সর্বশেষ শরীফপুর ইউনিয়ন পরিষদ ভেঙে তারুয়া নামে আরেকটি নতুন ইউনিয়ন যুক্ত হয় আশুগঞ্জের সঙ্গে।শুরুতে ইউএনও, প্রকৌশল, প্রকল্প বাস্তবায়ন, সমবায় ও কৃষি বিভাগ নিয়ে চলতে হয় দীর্ঘদিন। ধীরে ধীরে অন্য দপ্তরগুলো সংক্ষিপ্ত পরিসরে চালু হলেও হয়নি মৌলিক অধিকারগুলোর একটি—স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে উপজেলাবাসীকে এখনো স্বাস্থ্যসেবা নিতে যেতে হয় আগের মতো জেলা সদরে; জেলা সদর আশুগঞ্জ থেকে ২২ কিলোমিটার দূরে। তা না হলে যেতে হয় একই জেলার সরাইল উপজেলায় অথবা পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ভৈরবে।চাতালশ্রমিক সাফিয়া বেগম (৫৫) বলেন, ‘আমরার আয় সামান্য। ৪০ থেকে ৫০ টেহা রোজ। কন, এই দিয়া চলে? প্রাইভেট ক্লিনিকে গিয়া চিকিৎসা করামু কেমনে? ডাক্তারের ফিস আর ওষুধ কিনে খাইতে হইলে বুঝেন অবস্থা।’ আরেক চাতালশ্রমিক রোকেয়া বেগম (৪০) বলেন, ‘সরকারের ঘর থাইক্কা চিকিৎসা করাইতে হইলে যাইতে হয় ব্রাহ্মণবাড়িয়া, না হয় ভৈরবে। চিকিৎসা আর ওষুধ মাগনা (বিনে পয়সায়) মিলে, কিন্তু গাড়িভাড়া দিতে গিয়া তো বারোটা বাজে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয় সূত্রে জানা গেছে, মেঘনা নদী আর ভৌগোলিক সুবিধা পেয়ে আশুগঞ্জে অর্থনৈতিক প্রবাহের গতি দ্রুত বেড়েই চলেছে। এক লাখ ৪৭ হাজার লোকের জনবসতি এখানে। ২০০৯ সালের শেষের দিকে উপজেলা পরিষদ ভবনের লাগোয়া পরিবেশে পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়। উদ্যোগটি অধিগ্রহণ পর্যন্ত এসে আটকে যায়। এ সময়ের মধ্যে সামান্যতম অগ্রগতি হয়নি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিভিল সার্জন ও ইউএনওর কার্যালয় থেকে চিঠি চালাচালি চলতে থাকে জোরেসোরে। চিঠির উত্তরে আশাজাগানিয়া কিছু নেই।উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সবিহীন উপজেলার নাম আশুগঞ্জ। আর আমি হলাম এই উপজেলা পরিষদের চেয়ারম্যান। তবে বেশি দিন এভাবে চলতে দিব না। নাগরিক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। রাজপথে লড়াই করে জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।’সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আশুগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা নিয়ে আমাদের কাছে কোনো সুখবর নেই। অপেক্ষা করতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় নাগরিকেরা মৌলিক অধিকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পরিবার পরিকল্পনা, ইপিআই ও কমিউনিটি ক্লিনিক-সেবাও যথাযথভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে গত বছরের আগস্ট থেকে উপজেলা পরিষদ ভবনের একটি কক্ষ নিয়ে বহির্বিভাগ চালু করা হয়েছে। এ সময়ের মধ্যে বহির্বিভাগে ২২ হাজার রোগী দেখা হয়েছে।’