স্বাস্থ্যসেবার চিলমারী-চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচালক সুরুজ মিয়ার বাঁ পায়ে কালো রাবারের একটা বেড়ি। রিকশার প্যাডেল মারার সময় লুঙ্গি ওপরে ওঠে, বেড়ি বেরিয়ে পড়ে। জানালেন, পায়ে ব্যথা। তাই এই বেড়ি তিনি কিনেছেন রাস্তার হকারের কাছ থেকে মাত্র আট টাকা দিয়ে। ‘ডাক্তারের কাছে যাননি কেন?’ উত্তরে বললেন, ডাক্তারের কাছে গেলে খরচ অনেক বেশি। তা ছাড়া সব সময় চিকিৎসক পাওয়া যায় না। বেড়ি সব সময় পায়ে থাকে।গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় রিকশা থামে চিলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে। কয়েকজন নারীর জটলা চোখে পড়ে। তাঁরা জানালেন, চিকিৎসক কখন আসবেন, তা কেউ বলতে পারেন না। তাই অপেক্ষা করবেন, না চলে যাবেন সিদ্ধান্ত নিতে পারছেন না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোতাছিম বিল্লাহ সকাল ১০টা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেননি। তাঁর সহকর্মীরা জানালেন, তিনি কখন আসবেন, তা তাঁরা জানেন না।পান চিবোতে চিবোতে জরুরি বিভাগে এক যুবকের পায়ের ক্ষত পরিষ্কার করছেন এক ব্যক্তি। নাম হজরত আলী। পদবি ‘ওয়ার্ড বয়’। দাবি করলেন, ‘হাসপাতালের ছোটখাটো প্রায় সমস্ত অস্ত্রোপচার তাঁর হাত দিয়েই হয়।’যক্ষ্মার ওষুধ নেই: স্বাস্থ্যকেন্দ্রের একটি কক্ষে যক্ষ্মা রোগীদের সেবা দেওয়া হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস রোগীদের বিনামূল্যে কফ পরীক্ষা করে, ওষুধ দেয়। বাবার জন্য ওষুধ নিতে এসেছিলেন থানাহাট ইউনিয়নের মজাইডাঙ্গার আলমগীর হোসেন। কিন্তু কেন্দ্রে ওষুধ নেই। তিনি বাজার থেকে ৯০ টাকার ওষুধ কিনেছেন। চলবে চার দিন।আরডিআরএসের কর্মকর্তারা বললেন, ‘রেডিও টেলিভিশনে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তারা কেন দিচ্ছে না, লোকে তাঁদের কাছে কৈফিয়ত চায়। এই ওষুধের সংকট কবে কাটবে তাঁরা জানেন না।’ কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিশ্চিত করেছে, মাঠপর্যায়ে যক্ষ্মার ওষুধের সংকট চলছে।জন্মে নিয়ন্ত্রণ নেই: ব্রহ্মপুত্রের পাড়ে শাখাহাতির চরের মহুবর জানালেন, তাঁর দুই ছেলে, তিন মেয়ে। স্বাস্থ্য বা পরিবার পরিকল্পনার কেউ তাঁদের বাড়ি বা গ্রামে আসেন না।দুপুর ১২টায় দেখা হয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম সরকারের সঙ্গে। জানালেন, জান্মনিয়ন্ত্রণ কর্মকাণ্ড হচ্ছে যুদ্ধ। তাঁর সৈনিকের স্বল্পতা রয়েছে। উপজেলায় পরিবার পরিকল্পনা পরিদর্শকের চারটি পদ, পরিবারকল্যাণ পরিদর্শিকার চারটি পদ ও পরিবারকল্যাণ সহকারীর সাতটি পদ খালি। দাই-নার্সের তিনটি পদের সবই খালি।চিকিৎসক নেই: দুপুর ১২টা পর্যন্ত মোতাছিম বিল্লাহ হাসপাতালে পৌঁছেননি। তবে তখন হাসপাতালে তিনজন চিকিৎসক উপস্থিত ছিলেন। তাঁরা নতুন নিয়োগ পেয়েছেন। সরকার অস্থায়ী ভিত্তিতে সম্প্রতি যেসব চিকিৎসক নিয়োগ দিয়েছে, তাঁদের ১৪ জন নিয়োগ পেয়েছেন চিলমারীতে। শাহিদা আরবী নামে একজন মাত্র এক দিন কাজ করে আর আসেননি। তাঁকে নিয়ে ছয়জন অনুমোদিত ছুটি কাটাচ্ছেন। দুজন বদলি হয়েছেন। তিনজন প্রেশনে চলে গেছেন। নতুনদের মধ্যে মাত্র তিনজন আছেন। এর সত্যতা স্বীকার করেছে সিভিল সার্জন কার্যালয়।রোগী নেই কমিউনিটি ক্লিনিকে: উপজেলায় কমিউনিটি ক্লিনিক আছে ১০টি। স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী রৌফিয়া বেগম এবং পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ সহকারী জরিনা বেগম রমনা কমিউনিটি ক্লিনিক চালান। গতকাল দায়িত্বে ছিলেন রৌফিয়া বেগম। তিনি জানালেন, প্রয়োজনীয় ওষুধ না থাকায় এখানে রোগী আসছে না। সর্বশেষ ২০ হাজার টাকার ওষুধ এসেছিল গত সেপ্টেম্বর মাসে।