স্বাস্থ্যসেবার দিক থেকে পিছিয়ে বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্বাস্থ্যসেবার দিক থেকে বরিশাল পিছিয়ে। এ ব্যাপারে এখনই সচেতনতা ও কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
গতকাল শনিবার সকাল ১০টায় বরিশাল নগরের শেরেবাংলা মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা: মাঠ পর্যায়ের বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সংলাপে হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। রকফেলার ফাউন্ডেশনের সহায়তায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এর আয়োজন করে।
সংলাপে বক্তারা বলেন, এখনো স্বাস্থ্যসেবা সর্বজনীন হয়নি। স্বাস্থ্যসেবা কার্যকর করতে হলে আগে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। গ্রামগুলোতে শুধু চিকিৎসক দিলেই হবে না, সেখানে স্থাপনা, যন্ত্রপাতি, পর্যাপ্ত ওষুধপত্র দিতে হবে।
সংলাপে কয়েকজন চিকিৎসক অভিযোগ করেন, বেসরকারি মেডিকেল কলেজে অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। সেখানে স্থাপনা নেই, শিক্ষক নেই, আসবাব নেই, অথচ ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
সংলাপে অংশ নেন সাবেক স্বাস্থ্যসচিব এ এম এম নাসিরউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের প্রধান তাহমীনা বানু, পিপিআরসির পরামর্শক সাদাব মাহমুদ। আরও অংশ নেন বরিশাল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজির অধ্যাপক জাহাঙ্গীর আলম, শাহ আলম, ডেপুটি সিভিল সার্জন মো. আলম প্রমুখ।