সড়ক যোগাযোগব্যবস্থা না থাকায় বছরের নয় মাসই খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় যেতে পারেন না স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এতে ওই নয় মাস স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকে ওই এলাকার বাসিন্দারা।
বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি ওয়ার্ডে যাওয়ার কোনো সড়ক নেই। এই ওয়ার্ডের জনসংখ্যা প্রায় পাঁচ হাজার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বলেন, বর্ষা মৌসুমে নদীতে পানি থাকলে নৌকাযোগে সেখানে যাওয়া যায়। কিন্তু শুষ্ক মৌসুমে চিকিৎসা সরঞ্জাম নিয়ে হেঁটে ২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাড়াইছড়ি যাওয়া সম্ভব হয় না।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, চলতি বছর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে নাড়াইছড়ি এলাকায় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। অন্য মাসগুলোতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে যেতে পারেননি। পরিবার পরিকল্পনা বিভাগের সেবার ক্ষেত্রেও ছিল একই অবস্থা।
নাড়াইছড়িতে স্বাস্থ্য বিভাগের ছয়টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্র আছে। এগুলো হলো কালেন্দ্র কার্বারিপাড়া কেন্দ্র, ধীরেন্দ্র হেডম্যানপাড়া কেন্দ্র, চন্দ্র কার্বারিপাড়া কেন্দ্র, শ্যামাচরণ কার্বারিপাড়া কেন্দ্র, নাড়াইছড়ি বাজার কেন্দ্র ও দেওয়ানপাড়া কেন্দ্র। কিন্তু বছরে নয় মাস এসব কেন্দ্রে সেবা বন্ধ থাকে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কমিলন চাকমা বলেন, ‘যাতায়াত সমস্যার কারণে আমরা নাড়াইছড়ি এলাকায় ভারী আইসবক্স নিয়ে যেতে পারি না। বক্সগুলো বহন করে হেঁটে নাড়াইছড়ি যেতে যেতে বরফ গলে টিকা নষ্ট হয়ে যাবে।’ তিনি বলেন, বছরে নয় মাস নাড়াইছড়ি এলাকায় টিকাদান কর্মসূচি, স্বাস্থ্যশিক্ষা, পুষ্টিশিক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়া সম্ভব হয় না।
বাবুছড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক বিমল কান্তি চাকমা বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে তাঁরা বছরে তিন মাস সেবা দিতে পারেন। এত দুর্গম এলাকায় পরিবারকল্যাণ সহকারীর পক্ষে একা গিয়ে পরিবার পরিকল্পনা সেবা দেওয়া সম্ভব নয়।
নাড়াইছড়ির দায়িত্বপ্রাপ্ত পরিবারকল্যাণ সহকারী মিলন সোনা চাকমা বলেন, তিনি দুর্গম এলাকায় একা যেতে পারেন না। স্বাস্থ্য বিভাগের লোকজন গেলে তাঁদের সঙ্গে তিনিও যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুল গাফ্ফার বলেন, নাড়াইছড়ি এলাকায় যাওয়ার ক্ষেত্রে মূল সমস্যা হলো যোগাযোগব্যবস্থা। নদীতে পানি থাকলে স্বাস্থ্য বিভাগের কর্মীরা যেতে পারেন। বছরের নয় মাস যেতে পারেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানে। শুধু নাড়াইছড়ির কারণে তাঁরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে পিছিয়ে আছেন।
২০১৪ সালে নাড়াইছড়িতে দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারের কারণে ওই এলাকায় এক বছর স্বাস্থ্যসেবা বন্ধ ছিল।