স্বাস্থ্যসেবার মান নিয়ে অভিযোগ মানলেন মালিকেরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যবিষয়ক এক আলোচনা সভায় বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিকেরা বলেছেন, তাঁদের বিরুদ্ধে নিম্নমানের সেবা ও অনিয়মের অভিযোগ অনেকাংশে সত্য। তবে পেশাদারত্ব বাড়িয়ে এ অভিযোগ দূর করা সম্ভব। ওই সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা বলেছেন, বেসরকারি স্বাস্থ্য খাতে সরকারের আনুকূল্য বাড়াতে এফবিসিসিআই সহযোগিতা করবে।
গতকাল শনিবার এফবিসিসিআইয়ের বোর্ড রুমে এই সভার আয়োজন করে সংগঠনের মেডিকেল ও হাসপাতাল ব্যবস্থাপনা-বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। এতে এফবিসিসিআইয়ের একাধিক পরিচালক, ঢাকা ও ঢাকার বাইরের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক ও পরিচালনা পরিষদের কর্তাব্যক্তি এবং চিকিৎসা যন্ত্রপাতি ব্যবসায়ীরা অংশ নেন।
স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বেসরকারি স্বাস্থ্য উদ্যোগকে বিশেষ সুবিধার আওতায় আনতে হলে সম্মিলিত ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি ঋণ ও অন্যান্য সুবিধা পেতে এফবিসিসিআই সহযোগিতা করবে। এতে সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির সভাপতি প্রীতি চক্রবর্তী। কমিটির ভারপ্রাপ্ত পরিচালক এস এম শফিউজ্জামান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ওষুধশিল্পের মতো বেসরকারি মেডিকেল ও হাসপাতালের অগ্রগতি সম্ভব।
এফবিসিসিআইয়ের পরিচালক ও চকবাজার হাসপাতালের মালিক আবু মোতালেব বলেন, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ, হাসপাতাল আর রোগনির্ণয় কেন্দ্র তৈরি হচ্ছে। রোগীরা ‘লাইফ সাপোর্ট’-এর আতঙ্কে আছে। গলির মধ্যে ভুয়া ডাক্তার নিয়ে তিন-চার শয্যার হাসপাতাল চলছে। তিনি বলেন, এদের কারণে বেসরকারি উদ্যোক্তাদের অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে।
সভায় একজন ব্যবসায়ী বলেন, তিনি তাঁর ক্যানসার-আক্রান্ত স্ত্রীকে ‘পাঁচ তারকা’ হাসপাতালে ভর্তি করেছিলেন। তিনি লক্ষ করেন, অপ্রয়োজনে চিকিৎসক দিনে কয়েকবার তার স্ত্রীকে দেখে যান। পরে ওই ব্যবসায়ী জানতে পারেন, প্রতিবার দেখার জন্য ওই চিকিৎসক ১ হাজার ৪০০ টাকা পান।
অন্য একটি হাসপাতালের মালিক তাঁর সন্তানকে একটি মানসিক হাসপাতালে কীভাবে নির্যাতন করা হয়েছিল, তার বর্ণনা দেন। আইচি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান উলফাত জাহান বলেন, প্রয়োজন না থাকলেও মালিকপক্ষ রোগী ভর্তি করাতে চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে। আইচির মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, প্রতিষ্ঠান তৈরি, পরিচালনা ও এই খাতের জনবলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও আইন দরকার।
মূল উপস্থাপনায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারণ বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসা ঢাকাতেই কেন্দ্রীভূত হচ্ছে। এ ব্যাপারে এএফসি হেলথের পরিচালক (পরিচালন) সাইদুল আমিন বলেন, তাঁরা বিশেষায়িত সেবা ঢাকার বাইরে নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
আলোচনায় অংশ নিয়ে শমরিতা হাসপাতালের পরিচালক মুজিবুল ইসলাম বলেন, সেবার মানে পার্থক্য করে দেন মূলত নার্সরা। তিনি নার্সিং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে বেশি প্রতিষ্ঠান তৈরি ও মানসম্পন্ন প্রশিক্ষণের ওপর জোর দেন।