স্বাস্থ্যসেবার সুযোগ ও মানের সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান বেশ পেছনে। ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। বাংলাদেশের পেছনে থাকা ৫৬টি দেশের বেশির ভাগই আফ্রিকা মহাদেশের। তবে তালিকায় ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই) স্বাস্থ্যসেবার সুযোগ ও মান নিয়ে এই বৈশ্বিক মূল্যায়ন করেছে। আইএইচএমইর ওয়েবসাইটে দাবি করা হয়েছে, স্বাস্থ্যসেবার সুযোগ ও মান নিয়ে এটাই প্রথম বৈশ্বিক সমীক্ষা। সমীক্ষায় দেখা গেছে, স্বাস্থ্যসেবা ও মানের ক্ষেত্রে দেশে দেশে এবং দেশের অভ্যন্তরে ব্যাপক বৈষম্য রয়েছে। এ নিয়ে একটি নিবন্ধ ১৮ মে যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এ ছাপা হয়েছে।
গবেষকেরা বলছেন, অর্থ বেশি থাকলেই স্বাস্থ্যসেবার সুযোগ বেশি থাকবে বা মান ভালো হবে—এর কোনো নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রে মাথাপিছু চিকিৎসার ব্যয় বছরে ৯ হাজার মার্কিন ডলার, যা পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি। অথচ সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৬তম।
সময়মতো ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এড়ানো সম্ভব এমন ৩২টি মৃত্যুর কারণের ওপর ভিত্তি করে স্বাস্থ্যসেবার সুযোগ ও মানের সূচক নির্ধারণ করেছেন আইএইচএমইর গবেষকেরা। কারণগুলো হচ্ছে: যক্ষ্মা, ডায়রিয়াসংক্রান্ত রোগ, নিম্ন ও উচ্চ শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হাম, মাতৃ ও নবজাতকের জটিলতা, ছয় ধরনের ক্যানসার, লিউকোমিয়া, চার ধরনের হৃদ্রোগ, হৃদ্রোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, পেপটিক আলসার, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, গলব্লাডারের রোগ, এপিলেপসি, ডায়াবেটিস, জন্মগত ত্রুটি, হজকিনস লিমফোমা, চিকিৎসার বিরূপ প্রতিক্রিয়া।
আইএইচএমই তিন শতাধিক রোগের বৈশ্বিক প্রকোপ নিয়ে ১৯৯০ সাল থেকে গবেষণা করে আসছে। ১৩২টি দেশের ২ হাজার ৩০০-এর বেশি গবেষণা প্রতিষ্ঠান এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আসিডিডিআরবি) ও ব্র্যাকও এর অন্তর্ভুক্ত।
গবেষকেরা প্রতিটি রোগের জন্য সেবার সুযোগ ও সেবার মান নিয়ে নম্বর (১ থেকে ১০০) দিয়েছেন। সুযোগ ও মান যত ভালো, তত বেশি নম্বর। বাংলাদেশ ২৩ নম্বর পেয়েছে নবজাতকের সেবা ও হার্নিয়া চিকিৎসার ক্ষেত্রে। এটাই সবচেয়ে কম নম্বর। বাংলাদেশ সবচেয়ে বেশি পেয়েছে ডিপথেরিয়ার সেবায়—১০০-এর মধ্যে ৯৯। বাংলাদেশে ৩০টির বেশির এনজিও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে জড়িত। কিন্তু এ ক্ষেত্রে নম্বর পেয়েছে ১০০-এর মধ্যে ৩৮। বাংলাদেশের সার্বিক নম্বর ৫২।
বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘সার্বিকভাবে আফ্রিকার সাব-সাহারা ও দক্ষিণ এশীয় অঞ্চল পিছিয়ে। এ অঞ্চলের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। ভারতের চেয়ে আমাদের অবস্থান ভালো বলে প্রশান্তিতে থাকার, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’ তিনি বলেন, স্বাস্থ্যসেবার সুযোগ ও সেবার মান বাড়াতে সরকার অনেক নতুন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও অনেক ওপরে থাকবে।
তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের ফ্রান্স ও স্পেনের মধ্যবর্তী অতি ক্ষুদ্র রাষ্ট্র অ্যানডোরা। অ্যানডোরার সার্বিক নম্বর ৯৫। তালিকার নিচে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সার্বিক নম্বর ২৯। যুক্তরাষ্ট্রের সার্বিক নম্বর ৮১। যুক্তরাষ্ট্রে নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, নবজাতকের জটিলতা, ত্বকের ক্যানসার, হজকিনস লিমফোমা, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগ, ডায়াবেটিস ও কিডনি রোগের চিকিৎসার সুযোগ ও সেবার মান তুলনামূলকভাবে খারাপ।