স্বাস্থ্যসেবার ৬০ শতাংশ আসে অসংগঠিত খাত থেকে

মানুষ স্বাস্থ্যসেবার ৬০ শতাংশ পায় অসংগঠিত খাত থেকে। সরকারি খাত থেকে সেবা আসে ১৪ শতাংশ। আর বেসরকারি খাত থেকে মানুষ ২৬ শতাংশ সেবা পায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় বেসরকারি খাতের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে জনস্বাস্থ্যবিদ ও গবেষকেরা এ কথা বলেন। নাগরিক উদ্যোগ এই অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে।
অনুষ্ঠানে বলা হয়, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে হলে বেসরকারি খাতের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানকে কার্যকর নিয়ন্ত্রণ করার পাশাপাশি সরকারের উচিত তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।
অনুষ্ঠানের সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী বলেন, বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করাই সরকারের একমাত্র কাজ নয়। এই খাতে দক্ষতা বাড়াতেও সরকারকে এগিয়ে আসতে হবে। তিনি বেসরকারি খাতের মানুষদেরও বিদেশে প্রশিক্ষণে পাঠানোর সুপারিশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জনস্বাস্থ্যবিদ, সরকারি পদস্থ কর্মকর্তা, শিক্ষার্থী, গাড়িচালক, দাতা সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ ৩১ জন বক্তব্য দেন।
অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, শিশুমৃত্যু হ্রাস, পুষ্টির উন্নতি, টিকাদানের হার বৃদ্ধি—দেশের স্বাস্থ্য খাতের এসব সাফল্যে বেসরকারি খাতের কোনো ভূমিকা ছিল না। অন্যদিকে নিয়ন্ত্রণহীন বেসরকারি খাতের কারণে মানুষের স্বাস্থ্য খাতে ব্যক্তিগত ব্যয় বাড়ছে। স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে দেশের বহু মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে এটি বড় ধরনের বাধা।