স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ও নগরে অবৈধ ক্লিনিক ব্যবসার বিরুদ্ধে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে গতকাল শনিবার নগরে মিছিল ও সমাবেশ হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দপ্তর ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।বেলা তিনটায় রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ মিলিত হয়। সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, সরকারি হাসপাতালের দায়িত্ব ফেলে চিকিৎসকেরা বিভিন্ন ক্লিনিক, রোগ নির্ণয়কেন্দ্রে ব্যক্তিগতভাবে রোগী দেখার নামে অতিরিক্ত অর্থ আদায় করছেন। মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসকেরা কলেজে সংশ্লিষ্ট বিভাগে পাঠদানের ক্ষেত্রে উদাসীনতা এবং অনিয়ম করে আসছেন। তাঁদের অনেকে বিনা অনুমতিতে অন্যান্য জেলায় যথারীতি ‘চিকিৎসাব্যবসা’ চালিয়ে যাচ্ছেন। শিক্ষানবিশ চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠিয়ে কমিশন আদায় করেন।বক্তারা বলেন, রাজশাহী জেলা ও নগরে দুই শতাধিক ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্র গড়ে উঠেছে। এর মধ্যে ২১টি ক্লিনিকের নিবন্ধন আছে, ১৩টির প্রক্রিয়াধীন। বাকিগুলোর কোনো অনুমতি নেই। এসব ক্লিনিকে রোগীরা প্রায়ই প্রতারণার শিকার হন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকীকরণ, হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন, শিশু হাসপাতাল, চক্ষু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল স্থাপন, ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে রূপান্তরিত করা এবং হাসপাতালে ওষুধের তালিকা প্রকাশ্য স্থানে এবং বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত চিকিৎসকদের তালিকা টানানোর জন্য জোর দাবি জানান তাঁরা। সমাবেশে বক্তৃতা করেন জামাত খান, মোশাররফ হোসেন আখুঞ্জি, হামিদুল হক, আবদুল মান্নান, হারুনুর রশীদ, মঞ্জুর হাসান, দেবাশীষ প্রামাণিক, বেলাল আহম্মেদ প্রমুখ।