স্বাস্থ্যসেবায় ব্যয়ের ৬৩ শতাংশ মানুষ নিজে করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, স্বাস্থ্যসেবার জন্য এ দেশের মানুষের নিজস্ব ব্যয় (আউট অব পকেট এক্সপেন্ডিচার) অনেক বেশি। সর্বশেষ হিসাবে দেখা গেছে, স্বাস্থ্যসেবার পেছনে যত ব্যয় হয়, তার ৬৩ শতাংশ মানুষ নিজের পকেট থেকে করে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাস্তবায়নে অর্থায়ন বড় বাধা।
গতকাল সোমবার রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে পাবলিক হেলথ ফাউন্ডেশন দিবস উদ্যাপন ও বৈজ্ঞানিক সেমিনারের প্রথম অধিবেশনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, আইসিডিডিআরবি ও ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ যৌথভাবে দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।
সেমিনারের প্রথম অধিবেশনে মূল উপস্থাপনায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা উদ্ধৃত করে বলেন, যদি কোনো দেশে স্বাস্থ্যের জন্য ব্যক্তির নিজস্ব ব্যয় মোট স্বাস্থ্য ব্যয়ের ২০ থেকে ৩০ শতাংশের বেশি হয়, তাহলে সেখানে স্বাস্থ্য সুরক্ষা দুর্বল বলে বিবেচিত হয়। বাংলাদেশে ব্যক্তির নিজস্ব ব্যয় ৬৩ শতাংশ। বাকি ৩৭ শতাংশ ব্যয় নির্বাহ করে সরকার, দাতা সংস্থা ও অন্যরা। নিজস্ব ব্যয় ২০ শতাংশে রাখতে হলে রাষ্ট্রকে জিডিপির ৬ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখতে হবে। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্যে বরাদ্দ জিডিপির মাত্র ১ দশমিক ৩ শতাংশ।
অধিবেশনের শুরুতে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম মুজাহেরুল হক বলেন, চিকিৎসা নিতে গিয়ে প্রতিবছর ৬৪ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়ে। তিনি বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অর্থ হচ্ছে, প্রয়োজনের মুহূর্তেই মানুষের সেবা গ্রহণের সুযোগ থাকবে, সেই সেবা সহজলভ্য হবে এবং তা হবে ব্যক্তির সামর্থ্যের মধ্যে।
অন্য মূল উপস্থাপনায় ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম বলেন, এসডিজিতে এমন কিছু লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। এসডিজি অর্জনে অনেক মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আবুল কালাম আজাদ ও খায়রুল ইসলাম দুজনেই বলেন, সীমিত সম্পদ দিয়েই বাংলাদেশ অনেক অর্জন সম্ভব করেছে। সম্পদের সঠিক ব্যবহারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করলে স্বাস্থ্য-সম্পর্কিত এসডিজি অর্জনও সম্ভব হবে।
পরবর্তী অধিবেশনগুলোতে শিশু স্বাস্থ্য, সংক্রামক ব্যাধি, অসংক্রামক ব্যাধি, পরিবেশগত স্বাস্থ্য এবং অনানুষ্ঠানিক স্বাস্থ্যসেবা বিষয়ে একাধিক প্রবন্ধ উপস্থাপিত হয়। আজ মঙ্গলবার বিকেলে বৈজ্ঞানিক সেমিনার শেষ হবে।