সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে ক্ষুদ্রঋণের তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। তবে নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় পৃথকভাবে এই গবেষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ক্ষুদ্রঋণ এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে পরীক্ষামূলক স্বাস্থ্যসেবা নিরীক্ষার ফলাফল’ শীর্ষক সেমিনারে গবেষণার তথ্য প্রকাশ করা হয়। ঢাকার ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্স এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ক্ষুদ্রঋণ ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নানামুখী পদক্ষেপের কারণে বাংলাদেশ সারা বিশ্বে সুনাম কুড়িয়েছে। নতুন গবেষণা ক্ষুদ্রঋণব্যবস্থা, মৌলিক স্বাস্থ্যসেবা এবং অন্যান্য দারিদ্র্য বিমোচন কৌশলে ইতিবাচক পরিবর্তন আনবে। ‘ক্ষুদ্রঋণ এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে পরীক্ষামূলক স্বাস্থ্যসেবা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্ট্যান বেকার। তিনি বলেন, ২০০৬ ও ২০০৯ সালে ২১২টি গ্রামের ওপর পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, ক্ষুদ্রঋণগ্রহীতাদের মধ্যে সন্তান জন্মদানের সময় প্রশিক্ষিত ধাত্রীর সহায়তা সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ, শিশুদের হামের টিকা দেওয়া ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইঞা বলেন, আগে একাধিক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্রঋণের ইতিবাচক প্রভাব আছে। এ বিষয়ে আরও গভীরভাবে আলোচনার সুযোগ রয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অপর গবেষক রুহুল আমিন ‘ক্ষুদ্রঋণের দ্রুত বিস্তার ও লক্ষ্য থেকে বিচ্যুতি: বাংলাদেশের কিছু নির্বাচিত এলাকা থেকে প্রাপ্ত নতুন দৃষ্টান্ত’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। এতে তিনি বলেন, দরিদ্রদের মধ্যে দরিদ্রতমদের ঋণ দেওয়ার যে লক্ষ্য, তা থেকে বেশ কিছু প্রতিষ্ঠান সরে এসেছে। গবেষণার আওতায় আনা হয়েছিল চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী তিন হাজার ২৪১ জন নারীকে। তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান গবেষক সিমিন মাহমুদ পৃথক গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় বলেন, ক্ষুদ্রঋণগ্রহীতা নারীদের মধ্যে ক্ষমতায়নের সুযোগ কিছুটা বেশি। ঋণগ্রহীতাদের আয়-উপার্জন ও তথ্য পাওয়ার সুযোগ অন্যদের তুলনায় বেশি। গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এমন ২৩টি এলাকার মধ্যে ১৬টিকে সমীক্ষার আওতায় আনা হয়। এসব এলাকার ঋণগ্রহীতা নারীরা আয়-রোজগার আছে এমন কার্যক্রমে বেশি অংশগ্রহণ করেন। নারীদের কাছে সমাজের অন্যান্য লোকজন পরামর্শের জন্য আসেন, এঁরা টিভি দেখার সুযোগ পান এবং অসুস্থ হলে এঁদের স্বামীরা সেবা করে থাকেন। অনুষ্ঠানের মুক্ত আলোচনাপর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ এম আহসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।