স্বাস্থ্যে জবাবদিহি নিয়ে ঢাকায় সম্মেলন ২৬ এপ্রিল
ঢাকায় ২৬ এপ্রিল শুরু হচ্ছে স্বাস্থ্য খাতে পর্যবেক্ষণ, মূল্যায়ন ও জবাবদিহিবিষয়ক আঞ্চলিক সম্মেলন। আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতে পরিমাপ ও জবাবদিহি পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে এ কথা জানানো হয়।
তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যে পরিস্থিতি প্রতিবেদন উপস্থাপন করা হবে, তার খসড়া নিয়ে সেমিনারে আলোচনা হয়। ওই খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য কর্মসূচি পর্যবেক্ষণ ও মূল্যায়নে বরাদ্দ ঐতিহাসিকভাবে কম। বর্তমানে স্বাস্থ্য খাতের বরাদ্দের মাত্র ৪ শতাংশ পর্যবেক্ষণ ও মূল্যায়নে ব্যয় করা হয়। কর্মসূচি সফল করতে হলে বরাদ্দ বাড়িয়ে ৭ শতাংশ করতে হবে।
সেমিনারে জানানো হয়, ২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যে পরিমাপ ও জবাবদিহি বিষয়ে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওই সম্মেলনের কো-স্পনসর ছিল। সম্মেলনে বাংলাদেশ একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেয়। সেই পরিপ্রেক্ষিতে ঢাকায় সম্মেলন হতে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা এই সেমিনারের আয়োজন করে। এতে সরকারের একাধিক মন্ত্রণালয় এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে মূলত স্বাস্থ্যে তথ্য, উপাত্ত ও পরিসংখ্যানের গুরুত্ব, মান, ব্যবহার—এসব নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানোর উদ্যোগ জরুরি। নীতিনির্ধারকেরা যেন তথ্য-উপাত্ত বা পরিসংখ্যান ব্যবহারের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হন, সেই উদ্যোগ নিতে হবে।
একাধিক আলোচক বলেন, কর্মসূচির সফালতা নির্ভর করে কর্মসূচি মূল্যায়ন ও জবাবদিহির ওপর। প্রাসঙ্গিক ও সময়োপযোগী তথ্য জবাবদিহি নিশ্চিত করে।