স্বাস্থ্যে সুখবর থাকলেও প্রশ্নবিদ্ধ ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের শুরুতেই স্বাস্থ্য খাত এক বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপি জোটের আন্দোলনের সময় দুই শতাধিক মানুষ পেট্রলবোমায় দগ্ধ হন। তাঁদের চিকিৎসা নিশ্চিত করাটাই ছিল কঠিন বিষয়। তবে তা ভালোভাবেই সামলে নেয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
জুলাইয়ে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুকে ঘিরে তৈরি হয় নতুন উৎকণ্ঠা। মাগুরা জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে সুস্থ করে তোলেন।
এ দুটি ঘটনা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য এ বছর ভালো খবর ছিল বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে কাজ করেছেন। অন্য যেকোনো সময়ের তুলনায় গ্রামে এখন চিকিৎসক বেশি। তবে যে বিষয়টি পীড়া দেয় তা হলো এখনো অনেক চিকিৎসক ফাঁকি দেন। ভুয়া ক্লিনিক, ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান চললেও এগুলো একেবারে নির্মূল করা যায়নি। বহু বেসরকারি ক্লিনিক এখনো শুধু মুনাফা খোঁজে।
তবে যেকোনো বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ বছর সবচেয়ে বেশি সমালোচিত হয় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে। ১৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার এক দিন পর থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে রাস্তায় নেমেছেন, ফাঁস হওয়া প্রশ্নের নমুনা হাতে বিক্ষোভ করেছেন, পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর দেখা পাননি। ভর্তি পরীক্ষার আগে-পরে প্রশ্ন ফাঁসের অভিযোগে র্যাব ঢাকা ও রংপুর থেকে তিন দফায় চিকিৎসক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তাসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। র্যাব হেফাজতে মারা যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা ওমর সিরাজ। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর পত্রিকায় একাধিক বিজ্ঞপ্তি দিয়ে দাবি করতে থাকে, প্রশ্ন ফাঁস হয়নি।

>দেশে প্রতি ১০০ শিশুর ২৩টির জন্ম হচ্ছে অস্ত্রোপচারে। ২০১১ সালে এ সংখ্যা ছিল ১৭ শতাংশ

এ বছরের ২৫ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করে স্বাস্থ্য ও জনমিতি জরিপ। সরকারি ওই প্রতিবেদনই নতুন করে আরেক প্রশ্নের জন্ম দেয়। মাতৃমৃত্যু রোধে আসলে সরকারি হাসপাতালগুলোর অবদান কতটা। প্রতিবেদনে দেখা যায়, দেশে অস্ত্রোপচারে শিশুর জন্ম অস্বাভাবিকভাবে বেড়েছে, প্রতি ১০০ শিশুর ২৩টির জন্ম হচ্ছে অস্ত্রোপচারে, আর অস্ত্রোপচারগুলোর ৮০ ভাগ হচ্ছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে। ২০১১ সালে এ সংখ্যা ছিল ১৭ শতাংশ।
আশার কথা হলো, সরকার এখন সারা দেশে প্রতিটি মায়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশনের (সিআইপিআরবি) নির্বাহী পরিচালক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের নির্দেশে সিআইপিআরবি এ বছর ১০টি জেলায় মায়েদের মৃত্যুর কারণ খতিয়ে দেখেছে। এখন সরকার তার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) মাধ্যমে সারা দেশে কাজ শুরু করবে।
এ বছরও চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাথাব্যথার বিষয়। জরুরি প্রসূতিসেবা কেন্দ্রের সংখ্যা কাগজে-কলমে ১৫৯টি। শল্যচিকিৎসক ও অবেদনবিদের অভাবে ১০০টি কেন্দ্রও প্রতিদিন চলে না। সরকার বহু জায়গায় চিকিৎসক পাঠাতেই পারেনি। সরকারি হিসাবে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকের যত পদের অনুমোদন আছে তার মাত্র ৭৮ ভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের ৪৫ ভাগ ও জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ৩০ ভাগ পদ ফাঁকা পড়ে আছে। এরপর আছেন অনুপস্থিত থাকা চিকিৎসকেরা। স্বাস্থ্য মন্ত্রণালয় নভেম্বর পর্যন্ত ৬৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। অধিদপ্তর শাস্তি দিয়েছে ২০০ জনকে। অনুপস্থিত এই চিকিৎসকদের মধ্যে মেডিকেল অফিসার থেকে শুরু করে জুনিয়র ও সিনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল কলেজের অধ্যাপকেরা আছেন। শাস্তিমূলক ব্যবস্থার পরও পরিস্থিতির খুব উন্নতি হয়েছে বলে মনে করছেন না স্বাস্থ্যসচিব মনজুর-উল-ইসলাম নিজেই।
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) হেলথ ফ্যাসিলিটি সার্ভেতে পরিবার পরিকল্পনাসেবার যে চিত্র, তা-ও করুণ। কাগজে-কলমে ৮০ ভাগ স্বাস্থ্যসেবাকেন্দ্রে পরিবার পরিকল্পনাসেবা থাকার কথা বলা হলেও, জরিপের সময় মাত্র ২৫ ভাগ কেন্দ্রে পরিবার পরিকল্পনার পূর্ণাঙ্গ সেবা আছে বলে দেখা গেছে। জাতীয় পুষ্টিসেবা কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের দাবি, জাতীয় পুষ্টিনীতি চূড়ান্ত করা সরকারের একটা বিরাট অর্জন। কিন্তু বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রতিবেদন বলছে, মাঠপর্যায়ে মারাত্মক ও তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিহ্নিত করা ও হাসপাতালে পাঠানোর সংখ্যা কম। হাসপাতালের পুষ্টি কর্নারে মাত্র ২০ শতাংশ শিশুর ওজন নেওয়া হয়, একেকটি শিশু স্বাস্থ্যসেবাদানকারীর কাছ থেকে সময় পায় গড়ে সাড়ে তিন মিনিট করে। দেশের শীর্ষস্থানীয় পুষ্টিবিদ এম কিউ কে তালুকদার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মতো দেশে পুষ্টিসেবাকে একীভূত করার ফল ভালো হবে না, সে কথা আগে বলা হয়েছে। স্বাস্থ্য খাতে আগামী বছর থেকে যে পাঁচ বছরের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে যেন ভুলগুলো শুধরে নেওয়া যায়, সে জন্য আমরা লিখিত পরামর্শ দিয়েছি।’
স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ ছিল জিডিপির মাত্র দশমিক ৭৪ শতাংশ। পাঁচ বছর আগে এটি ছিল ১ শতাংশ। তবু স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে সরকার প্রতিশ্রুতি পূরণে কাজ করেছে। তবে কোনো কোনো হাসপাতালের তত্ত্বাবধায়কেরা সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে যথেষ্ট মনোযোগী হননি।
তবে অনেক খারাপ খবরের মধ্যেও দারুণ খবর হলো ২৪ ঘণ্টা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে ১৬২৬৩ এই নম্বরে ডায়াল করে। যেকোনো সময় এই নম্বরে ডায়াল করলে যে কেউ ফোনের অপর প্রান্তে একজন এমবিবিএস চিকিৎসককে পাবেন, তিনি পরামর্শ দেবেন আন্তরিকভাবে। স্বাস্থ্যবিমা চালু হবে কি না, সে সংশয় ছিল। বছরের শেষার্ধে এসে সরকার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি নামে বিমা কর্মসূচিটির দিশারি প্রকল্পের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে। ১০ হাজার নার্স নিয়োগের কাজ চলছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকটে ছিল। সেখানেও তিন শতাধিক চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন অধিদপ্তরের মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচির প্রধান মোহাম্মদ শরিফ। ইউনিয়ন পর্যায়ে অধিদপ্তরের যে কেন্দ্রগুলো আছে, সেগুলোতে স্বাভাবিক প্রসবের জন্য সেবা নিশ্চিত করার জন্য কাজ চলছে।
এগিয়ে গেছে ওষুধশিল্প। দেশের ৯৮ ভাগ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে ওষুধ। দুটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ওষুধশিল্প সমিতির সাধারণ সম্পাদক শফিউজ্জামান বলেছেন, শ্রীলঙ্কা ও নেপালে ভারতের ওষুধ কোম্পানিগুলোকে ক্রমেই পেছনে ফেলে এগোচ্ছে বাংলাদেশে উৎপাদিত ওষুধ। মানহীন ও ভুয়া হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এমন জোরদার অভিযান দেখা যায়নি বিগত বছরগুলোয়—এসবই ছিল স্বাস্থ্য খাতের ভালো খবর।