স্বাস্থ্যের কাজে বইটি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার পঞ্চাশ বছর: বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দেশের মানুষের স্বাস্থ্যের উন্নতিতে ইতিবাচক প্রভাব রেখেছে। তবে উচ্চবিত্ত শ্রেণি বিদেশে চিকিৎসা নেয় বলে দেশের স্বাস্থ্য খাত নিয়ে তাদের মাথাব্যথা নেই। ২৫ থেকে ৩০ বছর ধরে স্বাস্থ্য খাতের বেশ কিছু সমস্যার সমাধান হচ্ছে না। স্বাস্থ্য খাতের সমস্যা মোকাবিলায় একটি কমিশন গঠন জরুরি হয়ে পড়েছে।

আজ শনিবার স্বাধীনতার পঞ্চাশ বছর: বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা এসব কথা বলেন। তাঁরা বলেন, স্বাস্থ্য খাতের কাজের জন্য বইটি জরুরি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, সুইডেন দূতাবাস ও প্রথম আলো।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি বলেন, স্বাস্থ্য খাতের বড় চ্যালেঞ্জ বাজেট ও সেবার মান বাড়ানো। সেবার মানের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক আছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে সেবার মানে তারতম্য আছে। এ তারতম্য বৈষম্য সৃষ্টি করে। তিনি আরও বলেন, দেশের উচ্চবিত্তরা বিদেশে চিকিৎসা নেন। দেশের স্বাস্থ্যব্যবস্থা ও হাসপাতালের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক থাকে না। তাই দেশের স্বাস্থ্যব্যবস্থার ব্যাপারে তাঁরা কোনো দায়বোধ করেন না।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা মানুষের স্বাস্থ্যের উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। আর্থসামাজিক উন্নতির একটি বড় সূচক গড় আয়ু। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৩ বছর। স্বাধীনতার পর ৫০ বছরে গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৪ বছর হয়েছে। এ সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে। তিনি বলেন, নতুন বইটি স্বাস্থ্য ইতিহাসের আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ হেলথ ওয়াচের উদ্যোগে ৯৯ জন জনস্বাস্থ্যবিদ, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষক, পুষ্টিবিদ ও সাংবাদিক ২০ অধ্যায়ের এ বই লিখেছেন। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক রওনক জাহান স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, স্বাস্থ্য খাতে কেনাকাটায় অনিয়ম–দুর্নীতি, অব্যবস্থাপনা, সুশাসনের ঘাটতিসহ নানা বিষয়ে ২৫ থেকে ৩০ বছর ধরে আলোচনা হচ্ছে। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। এটা চলতে দেওয়া যায় না।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, স্বাস্থ্য খাতে অনিয়ম–দুর্নীতি আছে। হাসপাতালে সেবাগ্রহীতা ও সেবাদানকারীদের মাঝামাঝি কিছু জনবল রাখার পরামর্শ দেন তিনি।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, বইটি বাংলায় হওয়ায় এর মর্যাদা ও গুরুত্ব দুই–ই বেড়েছে। সামাজিক ক্ষেত্রেও বইটির বড় প্রভাব থাকবে। তিনি বলেন, বইটি অনেকে মিলে লিখেছেন একটি ঐকমত্যের ভিত্তিতে। গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য থাকলে বাংলাদেশের যাত্রা আরও সুগম হতো।

সুইডিশ দূতাবাসের স্বাস্থ্য উপদেষ্টা জহিরুল ইসলাম বলেন, বাঙালি একাই এক শ। কিন্তু এক শ বাঙালিকে এক করা যায় না। ৯৯ জন লেখককে একটি কাজে যুক্ত করে প্রায় অসাধ্যসাধন করেছেন উদ্যোক্তারা। তিনি বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাত কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে একটি কমিশন করা দরকার।

স্বাস্থ্য খাত নিয়ে বইটির প্রশংসা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু। নারীর স্বাস্থ্য, নারী অধিকার নিয়ে মহিলা পরিষদের আন্দোলন–সংগ্রামের প্রসঙ্গে তুলে তিনি বলেন, স্বাস্থ্যের বাণিজ্যিকীকরণ হয়েছে। এতে বৈষম্য বেড়েছে।

বইয়ের আলোচনার শুরুতে লেখকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের পুষ্টি কর্মকর্তা আসফিয়া আজিম। তিনি বলেন, বাংলাদেশ কত পথ কীভাবে পাড়ি দিল, তার বর্ণনা আছে এ বইয়ে। ভবিষ্যতে যাঁরা স্বাস্থ্য নিয়ে গবেষণা করবেন, কাজ করবেন, তাঁদের বারবার ফেরত যেতে হবে এ বইয়ের কাছে।
দুই ঘণ্টার এ অনুষ্ঠান শুরু হয়েছিল রাজধানীর কড়াইল বস্তির শিশুদের গান আর কবিতার মধ্য দিয়ে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াটারএইডের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক খায়রুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের সহকারী গবেষণা কর্মকর্তা নোশিন সাইয়ারা।