স্বাস্থ্যের চার কর্মকর্তা-কর্মচারীকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের নিজের ও স্ত্রীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও আয়কর রিটার্নের অনুলিপি চেয়ে নিয়েছে দুদক।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। তাঁরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী প্রোগ্রামার মো. রুহুল আমিন, প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন হাওলাদার, ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. শাহজাহান ফকির ও পিএ আবু সোহেল। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেন ছাড়া অন্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জাহাঙ্গীর হোসেন দাবি করেন, ‘আমার অবৈধ কোনো সম্পদ নেই। আমার যা বলার আমি বলে গেছি, আপনারা জেনে নেবেন।’

৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। আগামীকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি ক্লিনিক শাখার সহকারী আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. শাহানেওয়াজ ও শরিফুল ইসলাম, উচ্চমান সহকারী শরিফুল ইসলাম ও অফিস সহকারী মো. হানিফকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে অধিদপ্তরের অফিস সহকারী মাসুদ করিম, মো. আলাউদ্দিন ও মো. ইকবাল হোসেন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্টোরকিপার মো. সাফায়েত হোসেনকে।

দুদকের সচিব মুহাম্মদ দিলওয়ার বখত্‌ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, ২০১৯ সাল থেকে অনুসন্ধান চালিয়ে তারা স্বাস্থ্য খাতের কর্মকর্তা-কর্মচারীদের ৪৫ জনের একটি প্রাথমিক তালিকা করেছেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
আবজালের দ্বিতীয় দফা রিমান্ড

এদিকে দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আবজাল হোসেনকে দ্বিতীয় দফায় আরও সাত দিনের রিমান্ডে নিয়েছে দুদক। মঙ্গলবার তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে দুর্নীতির আলাদা দুটি মামলায় আবজাল হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন।