স্বাস্থ্যের জমিতে সিটি করপোরেশনের নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন ‘জবাইখানা’ ও ‘বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র’ বানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জায়গা চেয়েছে। জায়গা দুটির একটি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের, অন্যটি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের। এ নিয়ে অসন্তোষ আছে অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে।
২১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নির্মাণ অধিশাখা বরাবর জায়গা চেয়ে চিঠি দেন। চিঠিতে তিনি বলেন, মেয়র জায়গা দুটি ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে তাঁরা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কথাও বলেছেন, মৌখিক অনুমতিও পেয়ে গেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন বক্ষব্যাধি ইনস্টিটিউটের দক্ষিণ-পশ্চিম কোনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫ দশমিক ৫৬ কাঠা জায়গা চেয়েছে। এ নিয়ে হাসপাতালের চিকিৎসকেরা ক্ষুব্ধ। এই হাসপাতালের পরিচালক মো. রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘একে তো আমার যক্ষ্মার রোগী। এমন একটা স্পর্শকাতর জায়গাতেই বর্জ্য ফেলতে হবে?’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমারের কাছে বিষয়টি তুলতেই তিনি ঝুঁকির আশঙ্কা অমূলক বলেছেন। জায়গাটি বাছাই করার আগে ঝুঁকির বিষয়টি ভেবেছেন কি না জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা ওই জায়গাতেই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বানাব। ঝুঁকির কী? আর এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলারই বা কী আছে? এখন যেভাবে চলছে, সেটা কি খুব ভালো চলছে?’
অসন্তোষ আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মকর্তাদেরও। জবাইখানা নির্মাণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মালিকানায় থাকা ঘোড়ার মাঠের ৮ দশমিক ৯৭ কাঠা জায়গা চেয়েছে। এই জায়গায় আগেই একটি ২০ তলা ভবন তৈরির পরিকল্পনা করে রেখেছে ইনস্টিটিউট। ইনস্টিটিউট এখানে স্যালাইন, ব্লাড ব্যাগ, খাওয়ার স্যালাইন উৎপাদন ও সরবরাহ, রোগনির্ণয়ের জন্য রি-এজেন্ট, জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ইউনিট চালুর পরিকল্পনা করেছে। গত বছরের মার্চে এ নিয়ে গণপূর্ত বিভাগকে চিঠিও দেন ইনস্টিটিউটের পরিচালক এ কে এম জাফর উল্যাহ। চিঠিতে তিনি বলেন, ‘দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আইভি ফ্লুইড, ব্লাড ব্যাগ, রি-এজেন্ট ও খাওয়ার স্যালাইনের চাহিদা বহুগুণে বেড়ে গেছে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে এআরভি বন্ধ হয়ে গেছে। তার বদলে সেল কালচার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই ভ্যাকসিন উৎপাদনের কথা বিবেচনা করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।’
জবাইখানাটি স্থাপনের বিষয়ে এখন পর্যন্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এস এম এম সালেহ ভূঁইয়া কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, জায়গা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।