স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্পদের সীমাবদ্ধতাই বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রধান সমস্যা। স্বাস্থ্যের জন্য সম্পদের সমাবেশ ঘটানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ৫ এপ্রিল সারা দেশে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে। দুটো অনুষ্ঠান সামনে রেখে একসঙ্গে সংবাদ সম্মেলন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো কর্মসূচি বাস্তবায়নের সময় কোনো মহল যেন নেতিবাচক প্রচারণা চালাতে না পারে, সে জন্য গণমাধ্যমসহ সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ৫ এপ্রিল দেশের প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে ও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।
মোহাম্মদ নাসিম বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। ওই দিন বাদ পড়া শিশুদের পরবর্তী চার দিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওয়াবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রমুখ।