স্বাস্থ্যের লোক নিয়োগের রুল নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর চার হাজারের বেশি পদে নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে গতকাল বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন।
ওই নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি নিয়োগ-প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেন।
আদালত সূত্র জানায়, এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল এ বিষয়ে শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম।
পরে এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বৃদ্ধি চেয়ে সরকারপক্ষের করা আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। ফলে ওই নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল। একই সঙ্গে ৩১ অক্টোবরের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।