স্বায়ত্তশাসন নিয়ে বাংলাদেশ ব্যাংক মিথ্যা কথা বলছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের স্বায়ত্তশাসন নিয়ে বাংলাদেশ ব্যাংক মিথ্যা কথা বলছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিশনের সঙ্গে অনুষ্ঠিত সমাপনী বৈঠক ও সম্পদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আইএমএফকে বলেছে তাদের স্বায়ত্তশাসন তত হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যাচার।’
এ ব্যাপারে আইএমএফ কী বলেছে, সাংবাদিকেরা তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ কিছুই বলেনি।’
বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসনের ব্যাপারে এ রকম বলছে কেন, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। তারা হয়তো ভাবছে, তারা গুরুত্ব কম পাচ্ছে।’ উল্টো তিনি প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশ ব্যাংক কি সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী হতে চায়?’
কোন কোন জায়গায় বাংলাদেশ ব্যাংক বেশি স্বায়ত্তশাসন চায়, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘জানি না। বর্তমানে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে।’
গুরুতর কোনো অনিয়ম পেলে বাংলাদেশ ব্যাংক কি স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে? এই প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘অবশ্যই। সম্ভবত স্বাধীনভাবে তারা তা করছেও।’
আগামী বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৮০ হাজার কোটি টাকার কিছু কম ও মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ থাকবে বলে জানান অর্থমন্ত্রী।