স্বীকারোক্তি দিলেন 'সোর্স' গেদাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ গেদা মিয়াও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার মহানগর হাকিম (আমলি আদালত-১) শাহেদুল করিমের আদালতে তিনি জবানবন্দি দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, গেদা অপহরণের ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করেছেন। পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের সঙ্গে তাঁর আগের পরিচয় ছিল এবং তাঁকে ‘বন্ধু’ বলে ডাকতেন গেদা। একই এলাকায় বসবাস সূত্রে সাঈদের পরিবারের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। অপহৃত সাঈদ সবাইকে চিনে ফেলায় হত্যা করা হয় বলে গেদা জবানবন্দিতে উল্লেখ করেন।
জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে নেওয়া হলে গেদা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের পর গেদাকে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার হওয়া তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
সিলেট নগরের হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে ১১ মার্চ অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। তিন দিনের মাথায় ১৪ মার্চ রাতে নগরের কুমারপাড়া এলাকায় মহানগর পুলিশের কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই রাতেই এবাদুরসহ কুমারপাড়ায় বসবাসকারী ‘সোর্স’ গেদা মিয়া ও ওলামা লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক এন ইসলাম তালুকদার ওরফে রাকীবকে গ্রেপ্তার করে পুলিশ। এবাদুর পরদিন ১৫ মার্চ ও রাকীব ১৬ মার্চ হত্যা ও অপহরণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।