রাঙামাটির রাজস্থলী থেকে গ্রেপ্তার অং ওং রাখাইন গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে অং ওং রাখাইন স্বীকার করেছেন তিনি আরাকান আর্মির সদস্য। এদিকে গ্রেপ্তার অপর দুই ব্যক্তির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ২৭ আগস্ট রাতে রাজস্থলী উপজেলার নয়াঝিরিপাড়ায় রেনেজু রাখাইনের বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য সন্দেহে অং ওং রাখাইনকে আটক করা হয়। ২৮ আগস্ট আরাকান আর্মির সহযোগী সন্দেহে রেনেজু রাখাইনের বাড়ির তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা এবং মং চ ওয়াং মারমাকে আটক করা হয়। পরে পলাতক রেনেজু রাখাইন এবং আটক তিনজনসহ অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়। গতকাল রিমান্ড শেষে তিনজনকে আদালতে হাজির করে পুলিশ।
রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সি আর পাল জানান, রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মোহাম্মদ মোহসেনের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অং ওং রাখাইন স্বীকার করেছেন তিনি মিয়ানমারের নাগরিক এবং আরাকান আর্মির সদস্য। তিনি বলেন, অং ওং রাখাইন জবানবন্দিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, চিকিৎসা নেওয়ার জন্য তিনি আরাকান আর্মির সদস্য রাননিন সোয়ে রাখাইন ওরফে রেনেজু রাখাইনের কাছে এসেছেন।
সি আর পাল বলেন, অং ওং রাখাইন চিকিৎসা নিতে কীভাবে অনুপ্রবেশ করেছেন, কার মাধ্যমে এসেছেন, সে সম্পর্কে বিস্তারিত বলেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবকিছু বলা যাবে না।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আরও তথ্য জানতে চ সুই অং মারমা এবং মং চ ওয়াং মারমাকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।