স্বীকারোক্তিমূলক জবানবন্দি আরেক র্যাব সদস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গত মঙ্গলবার রাতে মাগুরা থেকে গ্রেপ্তার র‌্যাব-১১-এর সদস্য মো. নুরুজ্জামান নিপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল বুধবার বেলা একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর আদালতে পৃথক দুই মামলায় ১৬৪ ধারায় তিনি ওই জবানবন্দি দেন। জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন এবং অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান এ তথ্য জানান।
মঙ্গলবার রাতে মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে কাজী টাওয়ার মার্কেটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে র‌্যাব সদস্য নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গতকাল সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, জবানবন্দিতে নুরুজ্জামান সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাব সদস্যরা কে কোন দায়িত্ব পালন করেছেন এবং তিনি নিজে কী দায়িত্ব পালন করেছেন সেসব বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে হত্যার দায় স্বীকার করেন।
আদালত সূত্র জানায়, কাউন্সিলর নজরুল ইসলামকে অনুসরণ করতে মেজর আরিফ হোসেনের নির্দেশে অপহরণের ঘটনার দিন গত ২৭ এপ্রিল সকাল আটটায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নুরুজ্জামান ও আরেক র‌্যাব সদস্য সাদাপোশাকে অবস্থান নেন। পরে নজরুল ইসলাম ও তাঁর সহযোগীদের অনুসরণ করতে থাকেন। এর একপর্যায়ে র‌্যাবের এক সদস্যকে নজরুলের লোকজন ধরে ফেললে তিনি নিজেকে র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর নজরুল ও তাঁর সহযোগীরা আদালতে মামলার হাজিরা দিয়ে একটি সাদা প্রাইভেট কারযোগে বের হয়ে যাওয়ার সময় অপর একটি মাইক্রোবাস নিয়ে তাঁদের অনুসরণ করতে থাকেন তাঁরা। সে সঙ্গে মুঠোফোনে মেজর আরিফকে বিষয়টি জানান।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে ফতুল্লা স্টেডিয়ামের অদূরে র‌্যাবের চেকপোস্টে নজরুল ও আইনজীবী চন্দন সরকারের দুটি প্রাইভেট কার সিগন্যালে থামে। তখন নজরুলসহ অন্যদের তিনিসহ (নুরুজ্জামান) অন্য র‌্যাব সদস্যরা গাড়ি থেকে বের করে র‌্যাবের মাইক্রোবাসে তোলেন। সেখান থেকে তাঁদের নরসিংদীর দিকে নিয়ে যাওয়া হয়। পথে মেজর আরিফের নির্দেশে মাইক্রোবাসে র‌্যাব সদস্যরা নজরুলসহ সাতজনকে ইনজেকশন পুশ ও মাথায় পলিথিন পেঁচিয়ে হত্যা করেন। হত্যার পর লাশগুলো গুম করতে বস্তায় ইট ভরার দায়িত্ব দেওয়া হয় তাঁকে (নুরুজ্জামান)। বস্তায় ইট ভরার পর র‌্যাবের বাকি সদস্যরা লাশগুলোর সঙ্গে সেগুলো বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন।
২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল ওই নদী থেকে ছয়জনের ও পরের দিন একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। অন্যদিকে চন্দন সরকার এবং তাঁর গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ ও হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল পৃথক একটি মামলা করেন।
এসব মামলায় নুরুজ্জামানকে নিয়ে এ পর্যন্ত র‌্যাবের ১৫ জনসহ মোট ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ র‌্যাব সদস্যসহ ১৪ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।