ফেনীতে মো. শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক আসামি।
গতকাল বৃহস্পতিবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুন নেছার আদালতে এই জবানবন্দি দেন আবুল খায়ের ওরফে সুমন নামের ওই আসামি।
গত মঙ্গলবার রাতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট বাজার এলাকায় শহীদুলকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুমন ও সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করা হয়।
ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, ঘটনার পর সুমন পালিয়ে নোয়াখালীর কবিরহাট এলাকায় বোনের বাড়িতে আশ্রয় নেন। বুধবার রাতে ফেনী থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।