মাগুরা শহরের পুলিশ লাইন পশ্চিমপাড়ার বাসিন্দা রুহুল আমিন হত্যা মামলার এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে রুহুলকে খুন করা হয়।
১০ আগস্ট ভোরে পুলিশ লাইনের কাছে মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশ থেকে রুহুল আমিনের (৬২) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন সদর থানায় প্রতিবেশী মাসুদ আলমসহ ১৩ জনের নামে হত্যা মামলা করা হয়। রুহুল আমিন সদর উপজেলার গৌরিচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা প্রথম আলোকে বলেন, পুলিশ গত শনিবার মামলার আসামি মাসুদ আলমকে স্টেডিয়ামপাড়া থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন। গত রোববার তিনি মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শম্পা বসুর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে মাসুদ আলম বলেন, প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে জমি নিয়ে তাঁদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে তাঁকে একাধিকবার হাজতবাস করতে হয়। এ কারণে তিনি রুহুল আমিনের ওপর ক্ষুব্ধ ছিলেন। ১০ আগস্ট ভোরে একা পেয়ে রড দিয়ে মাথার পেছনে আঘাত করলে রুহুল আমিন লুটিয়ে পড়েন। এতে তাঁর মৃত্যু হয়।