স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জে ঘরে আগুন দিয়ে তিন শিশুসহ চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত আসামি আজাদ মোল্লা গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ আদালতকে তিনি বলেছেন, স্ত্রী ও শাশুড়িকে হত্যার উদ্দেশ্যে ওই ঘরে আগুন দিয়েছিলেন৷
আজাদের জবানবন্দির সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা গতকাল প্রথম আলোকে বলেন, আজাদ নিজের দোষ স্বীকার করে বিকেলে সদরের নির্বাহী হাকিম ইশরাত জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ জবানবন্দি শেষে আজাদকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়৷
আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে আজাদ গত শনিবার রাতে তাঁর শাশুড়ি হুরিয়া বেগমের (৬৫) টিনের ঘরের চারপাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেন৷ এ সময় আদালতকে আজাদ বলেন, তাঁর স্ত্রী শরীফা বেগম প্রায় দেড় মাস আগে শাশুড়ির কাছে চলে আসেন৷ এরপর তাঁকে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন৷ আজাদ আরও বলেন, শাশুড়ি হুরিয়া বেগমের প্ররোচনায় তাঁর স্ত্রী বাড়ি ফিরে যাননি৷ এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও শাশুড়িকে হত্যার উদ্দেশ্যে ওই ঘরে আগুন দেন৷ তবে এ আগুনে পুড়ে তিনটি শিশু মারা যাওয়ার ঘটনায় তিনি অনুতপ্ত৷
অভিযোগ রয়েছে, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওই ঘরে আজাদ আগুন দেন৷ এ সময় দুই কক্ষের ঘরটিতে আজাদের স্ত্রী শরীফা বেগম, শাশুড়ি, শ্যালিকা ছাড়াও চারটি শিশু ছিল৷ আগুনে হুরিয়া বেগম ও তাঁর তিন নাতি-নাতনির মৃত্যু হয়৷ তারা হলো আমিনুল সরদার (১৪), তামিম ফকির (৮) ও তনিমা (৬)৷ তবে আজাদের স্ত্রী শরীফা ও তাঁর বোন এক শিশুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন৷