স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া আরও দুজন গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন। এর আগে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন আদালতে জবানবন্দি দেন।
গতকাল জবানবন্দি দেন জসীম উদ্দিন ও আবদুল বাতেন। বাতেন জসীমের শ্বশুর। এর আগে বিভিন্ন দিনে জবানবন্দি দেন সাইফুল ওরফে আল আমিন, বোরহান উদ্দিন ও মোজাম্মেল হোসেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, ব্যাংক ডাকাতির পরিকল্পনা অনুযায়ী তাঁরা ব্যাংকে অবস্থান নেন। ডাকাতিতে ১০ জন অংশ নিয়েছিলেন।
জসীম উদ্দিন জবানবন্দিতে বলেন, ব্যাংক ডাকাতির দলনেতা আবদুল্লাহ আল বাকী ওরফে মাহফুজ। তাঁর সঙ্গে পরিচয়ের পর লিটনকে মাঝেমধ্যে তাঁর বাসায় নিয়ে আসতেন। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রাহমানীর বই দিতেন। মাহফুজ তাঁর সঙ্গে বোরহান, সাইফুল, পলাশ, আসিফ ও সুমনের পরিচয় করিয়ে দেন। গত ১৭ এপ্রিল মাহফুজ বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি করার কথা বলেন। তিনি ব্যাংকটির কাঠগড়া শাখার চিত্র এঁকে কার কী দায়িত্ব, তা বুঝিয়ে দেন। ২০ এপ্রিল অস্ত্র নিয়ে তিনি, সাইফুল, আসিফ টঙ্গী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্যাংকে আসেন। এর কিছুক্ষণ পর মাহফুজ, সুমন ও পলাশ আসেন। লিটন ও বোরহান একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকেন। এদিনের পরিকল্পনা অনুযায়ী তাঁরা কাজ করতে ব্যর্থ হন। পরদিন ২১ এপ্রিল একই কায়দায় তাঁরা সেখানে যান।
জসীম জবানবন্দিতে আরও বলেন, তিনি, সাইফুল ও আসিফ এবং লিটন ও পলাশ দুটি দলে যান। আসিফ অস্ত্র ও বোমা নিয়ে ব্যাংকে ঢোকেন। তিনি ব্যবস্থাপকের কক্ষে ঢুকে বোমার সুইচ অন করে রাখেন। ব্যাংক কর্মকর্তাদের ভয় দেখান এবং মেঝেতে শুয়ে পড়তে বলেন। অস্ত্র নিয়ে সাইফুল ক্যাশ কাউন্টারে যান। ব্যবস্থাপক চাবি না দেওয়ায় তিনি ব্যবস্থাপককে পর পর দুবার ছুরিকাঘাত করেন। তখন ব্যবস্থাপক চিৎকার করলে পলাশ, আসিফ এসে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন। ব্যাংকের পাশের মসজিদের মাইকে ঘোষণা করা হয়, ব্যাংকে ডাকাত পড়েছে। মাহফুজ ক্যাশ থেকে ছয় লাখ টাকা নিয়ে ব্যাগে ভরেন। মাইকে ঘোষণার পর তাঁরা দ্রুত বেরিয়ে আসেন। ব্যাংকের ভেতরে তাঁরা কয়েকটি ফাঁকা গুলিও করেন।