রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা আশরাফ ওরফে তুষার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি জবানবন্দি দেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন গতকাল আশরাফকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণের আবেদন জানান। এ মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি লাভলু রিমান্ডে রয়েছেন। গত ২৮ মে আশরাফ ও লাভলুকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফ ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। তিনি জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার কয়েক দিন আগে ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তরুণীটি যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে কাজ করতেন। তাঁকে বায়িং হাউসে ভালো চাকরি দেওয়ার কথা বললে তরুণীটি রাজি হন। ২১ মে রাত নয়টার দিকে যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যাওয়ার জন্য ওই তরুণী একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। লাভলু ও তিনি ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নেন। পরে মাইক্রোবাসে হাত-পা বেঁধে ও অস্ত্রের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে তাঁকে নামিয়ে দিয়ে তাঁরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান।