স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস আদালতে জবানবন্দি দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে গত শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

বাংলাদেশ মহিলা পরিষদ ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তা দিচ্ছে।

বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবী দীপ্তি শিকদার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার শিক্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার হয়রানির শিকার পাঁচ ছাত্রী আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ৩০ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের এসআই আফরোজ আইরিন আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করার আবেদন জানান। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি ওই বিশ্ববিদ্যালয়ে ১৬ বছরের চাকরিকালে প্রশ্নপত্র বলে দেওয়া ও পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের যৌন প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে নিজ বাসায় এনে তিনি শ্লীলতাহানি করেন। এ ছাড়া ওই শিক্ষার্থীর অশালীন ছবি তুলে সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর কাছে পাঠিয়ে তিনি ব্ল্যাকমেল করার চেষ্টা করতেন। আসামির কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র জব্দ করা হয়েছে।

৩ মে মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি শ্লীলতাহানির মামলা হয়। ওই দিন রাতেই কলাবাগান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।