নারায়ণগঞ্জ শহরের দিগু বাবুর বাজারের ব্যবসায়ী আবুল কালাম (৫৫) হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ব্যবসায়ী রুহুল আমিন।
গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান।
২০১৩ সালের ১১ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে সবজি ব্যবসায়ী আবুল কালামকে রুহুল আমিনসহ আরও কয়েকজন কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে কাউসার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া রুহুল আমিন তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।