ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক আনসার সদস্যকে হত্যা ও চারজনকে আহত করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা সিহাব উদ্দীন। তবে জবানবন্দিতে হত্যার উদ্দেশ্য স্পষ্ট করেননি তিনি। তাঁকে বিমানবন্দরের ভেতরে ঢুকতে না দেওয়ার কারণেই তিনি ছুরি নিয়ে হামলা চালান বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে হত্যা ও হামলার ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সিহাব।
৬ নভেম্বর সন্ধ্যায় সিহাব বিমানবন্দরের দোতলার গাড়ি বের হওয়ার ঢাল বেয়ে ওপরে উঠে ভেতরে ঢুকতে চাইলে আনসার সদস্যরা বাধা দেন। একপর্যায়ে তাঁদের ওপর ছুরি নিয়ে হামলা চালান তিনি। তাঁকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। আহত হন দুজন আনসার ও দুজন আর্মড পুলিশ সদস্য। তবে গতকাল দেওয়া জবানবন্দিতে জঙ্গিবাদের সঙ্গে সিহাবের যুক্ত থাকার বিষয়ে কিছু বলা হয়নি। তিনি মানসিক বিকারগ্রস্ত বা নেশাসক্ত—সে বিষয়গুলোরও উল্লেখ নেই।