নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনায় কিশোরী পান্না আক্তারকে (১৪) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে তাঁরা আদালতে জবানবন্দি দেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন কৌশিক সরকার ওরফে অপু (২৩) ও মামুন মিয়া আকন্দ (২৬)। কৌশিক প্রধান আসামি। তিনি জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক। মামুন ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের ভাগনে। মামলার অপর আসামি সুলতান মিয়া (২২) তাঁদের সহযোগী। তাঁকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পান্নার পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় নেত্রকোনা মডেল থানার পুলিশ প্রথমে মামলা নেয়নি। এলাকাবাসীর ক্ষোভের মুখে শেষে পান্নার মায়ের মামলা নিতে বাধ্য হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
কিশোরীর রিকশাচালক বাবা মামলা করতে গেলে পুলিশ তাঁর মামলা না নিয়ে বলে, ‘অপমৃত্যুর মামলা চলবে। এখন চলে যান।’ আর নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী সাংবাদিকদের বলেছিলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোনো রেপটেপ হয়নি।’
এ নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত রোববার রাতে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নির্দেশে পুলিশ মামলা নেয়। দায়িত্বে অবহেলার অভিযোগে অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাক আহম্মদকে সরিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ-এ নুর আলমকে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দুই আসামিকে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ-এ নুর আলম প্রথম আলোকে বলেন, আসামি কৌশিক সরকারকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবদুল্লাহ আল হাবিবের আদালতে এবং মামুন মিয়াকে জিলফিকার আলীর আদালতে হাজির করা হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে গত সোমবার পুনরায় ময়নাতদন্তের জন্য কিশোরীর লাশ কবর থেকে তোলার আবেদন করা হলে, আদালত তা মঞ্জুর করেন। গতকাল বুধবার জেলা হাকিমের ম্যাজিস্ট্রেটের কাছে আদেশের কপি পাঠানো হয়।