স্বীকারোক্তি শুনে ‘পলায়ন’
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কাবাজারে বুধবার গভীর রাতে তিন কাঠ পাচারকারীকে আটক করে স্থানীয় লোকজন। আটক সবুজ (২০), রাজ্জাক (২০) ও খলিল (৫০) নামের তিন ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতার উপস্থিতিতে স্বীকারোক্তি দেন।এ সময় বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মালেকুজ্জামান, ঝড়কা বিট কর্মকর্তা আলাউদ্দিন ও ঘাটাইল পৌরসভার কাউন্সিলর আবদুল হালিমসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আটক হওয়া সবুজের বাড়ি উপজেলার গৌরীশ্বর গ্রামে। স্থানীয় লোকজনের সামনে তিনি বলেন, ‘ফরেস্ট ঘাট (বন বিভাগের চেকপোস্ট) ম্যানেজ কইরা আমরা কাঠ নামাই। আমাদের সহযোগী ফালু মিয়া ও শাজাহান ব্যাপারী অফিসারদের সঙ্গে আপসরফা করেন। আমরা গজারি গাছ পাচার করি। সে কারণে তাঁদের (বন কর্মকর্তাদের) সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’ একপর্যায়ে সবুজ বলেন, ‘অফিসাররা কোনো দিন আমাদের ধরে নাই। জনতার হাতে ধরা খাইলাম।’ কোন্ কোন্ ব্যক্তির সঙ্গে আপস করে গাছ পাচার করছেন জানতে চাইলে সবুজ রেঞ্জ কর্মকর্তা মালেকুজ্জামান ও বিট কর্মকর্তা আলাউদ্দিনের দিকে আঙুল তোলেন। এ পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত রেঞ্জ কর্মকর্তা মালেকুজ্জামান ও ঝড়কা বিট কর্মকর্তা আলাউদ্দিন উপস্থিত ব্যক্তিদের তোপের মুখে পড়েন।স্থানীয় কাউন্সিলর আবদুল হালিম দাবি করেন, ‘বন রক্ষায় ব্যর্থতার কথা শিকার করে ওই দুই কর্মকর্তাকে লিখিত দিতে হবে। অন্যথায় বন ছেড়ে চলে যেতে হবে। জনগণের বন জনগণই রক্ষা করবে।’ পরে উত্তেজিত জনতা ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকেন। প্রশ্নের সদুত্তর না দিয়ে রেঞ্জ কর্মকর্তা মালেকুজ্জামান তাঁর সহকর্মী বিট কর্মকর্তাকে চোরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। তবে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো জবাব না দিয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।পরিবেশ আইনবিদ সমিতি বেলার গবেষক সোমনাথ লাহিড়ী জানান, মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।