নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের শিশু সোয়াইদ হোসেন (৫) হত্যা মামলার এক আসামির স্বীকারোক্তিতে পুলিশ ছুরি ও জামা উদ্ধার করেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বুধবার ছয় আসামির বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন। আসামিদের ফাঁসির দাবিতে তাঁরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মঙ্গলেরগাঁও গ্রামের মাসুম মিয়ার ছেলে ও স্থানীয় শান্তিনগর দারুন নাজাত নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সোয়াইদ হোসেনকে গত ২০ ফেব্রুয়ারি অপহরণ করা হয়। পাখির প্রলোভন দেখিয়ে একই এলাকার নাসির উদ্দিন, ফজল মিয়া, রাজু মিয়া, ইকবাল, এমদাদ, ফজল মিয়াসহ তাঁদের সহযোগীরা ছেলেটিকে অপহরণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। সোয়াইদ হোসেনের বাবা মাসুম মিয়া সোনারগাঁ থানায় ওই মামলা করেন। মামলা হওয়ার দিনই পুলিশ নাসির উদ্দিন ও আবদুল খালেক নামের দুজনকে গ্রেপ্তার করে। অপহরণের ছয় দিন পর গত ২৬ ফেব্রুয়ারি আসামিদের বাড়ির পাশ থেকে সোয়াইদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের দিন রাতে মাসুম মিয়া তাঁর ছেলেকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আসামি করে থানায় আরেকটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন জানান, এ মামলার ১৩ জন আসামির মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ফজল মিয়া গত ৩১ মার্চ নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, নারীঘটিত একটি কারণে শিশু সোয়াইদ হোসেনকে অপহরণের পর তাঁর বাড়িতে আনেন। প্রথমে শিশুটিকে তাঁরা গলা কেটে হত্যা করেন। এরপর তার শরীরের বিভিন্ন অঙ্গ কাটা হয় এবং অ্যাসিড দিয়ে পুরো শরীর ঝলসে দেওয়া হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার জানান, এ হত্যা মামলার আসামি নাসির উদ্দিনকে দ্বিতীয় দফায় গত সোমবার রিমান্ডে আনা হয়। তাঁর স্বীকারোক্তিতে গতকাল বুধবার সকালে ফজল মিয়ার ঘর থেকে সোয়াইদ হোসেনকে হত্যা করার কাজে ব্যবহার করা ছুরি ও তার রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়। পুলিশ ১১টার দিকে ঘটনাস্থল থেকে চলে আসার পর স্থানীয় মঙ্গলেরগাঁও, শানতিনগর ও পাঁচানী—এ তিন গ্রামের কয়েক হাজার মানুষ প্রথমে মোগড়াপাড়া-পাঁচানী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারপর তাঁরা মামলার আসামি আলী আহমঞ্চদ, ফজল মিয়া, শিরীষ আলী, রাজু মিয়া ও জসিম উদ্দিনসহ ছয় আসামির বাড়িঘরে অগ্নিসংযোগে ও ভাঙচুর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও জানান, আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে জন্য এলাকাবাসীকে নিয়ে সভা করা হবে।