নরসিংদীতে স্কুলছাত্র হাসিবুল হাসান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিরা গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গত রোববার হাসিবুলকে অপহরণ করা হয়। গত বুধবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসিবুল শহরের ভেলানগর মহল্লার সোহরাব হোসেনের ছেলে। সে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সদর উপজেলার বদরপুর এলাকার সজিব মিয়া, শামীম মিয়া, শাকিল মিয়া ও রুবেল মিয়া গতকাল নরসিংদীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বেগম লায়লাতুল ফেরদৌসের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি অনুযায়ী, অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা সজিব। গত বছর তিনি রাজধানীতে একটি বায়িং হাউসে চাকরি নেন। কর্মস্থলে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি সজিবকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা চান। দেড় মাস আগে সজিব পরিবারের জমি বন্ধক রেখে ৫০ হাজার টাকা ও তাঁর মোটরসাইকেল ওই কর্মকর্তাকে দেন। পরে ওই কর্মকর্তা টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। প্রতারণার শিকার সজিব চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন। এরপর টাকার জন্য পরিবারের লোকজন চাপ দিলে তিনি অপহরণ করে টাকা আয়ের সিদ্ধান্ত নেন। গত রোববার সজিবের বোন তাঁকে ভেলানগরের বাসায় রেখে ঢাকায় বেড়াতে যান।জবানবন্দি অনুযায়ী, রোববার সন্ধ্যায় সজিব হাসিবুলকে বোনের বাসায় নিয়ে আসেন। হাসিবুল চিৎকার করলে তার মুখে রুমাল চেপে ধরেন সজিব এবং তাঁর বন্ধু শাকিল ও ইমরান। একপর্যায়ে হাসিবুল জ্ঞান হারায়। রাতে জ্ঞান ফেরার পর হাসিবুল চিৎকার করলে আবার তার নাকে-মুখে রুমাল চেপে ধরা হয়। এ সময় হাসিবুল মারা যায়।