স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে ঐশী
নিহত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের মেয়ে ঐশী রহমানকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, ঐশী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। আদালত তার বক্তব্য রেকর্ড করছেন।
ঐশীর আইনজীবী মাহবুব হাসান প্রথম আলো ডটকমকে বলেছেন, ঐশীর মামলাটি কিশোর আদালতে স্থানান্তরের আবেদন জানানো হবে। এ ছাড়া আইনজীবীরা আজ ঐশীর জামিনের আবেদনও করবেন।
জানা গেছে, বেলা দুইটার পর ঢাকা মহানগর হাকিমের ১৮ নম্বর আদালত ঐশীর ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঐশীর বয়স নির্ধারণের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এখনো পর্যন্ত এ-সম্পর্কিত কোনো প্রতিবেদন পুলিশ বা আইনজীবীদের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
১৪ আগস্ট রাত দুইটার দিকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান চামেলিবাগের ভাড়াবাসায় খুন হন। ১৭ আগস্ট ঐশী রহমান থানায় আত্মসমর্পণ করে। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঐশীকে গ্রেপ্তারের পর পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে ঐশী হত্যাকাণ্ডে তার দুই বন্ধুর জড়িত থাকার কথা জানায়। তবে এখন পর্যন্ত এ তথ্যের সত্যতা খুঁজে পায়নি পুলিশ।