নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার কিশোরী মনিরা বেগমকে গণধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়। হৃদয় মিয়া নামের এক কিশোর গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলে।
মনিরার (১৪) বাড়ি ঘোড়াশালে। ৫ এপ্রিল সকালে শীতলক্ষ্যা নদীর ঘোড়াশাল ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই দিনই তার মা নাসিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার ও আগের দিন বুধবার অভিযান চালিয়ে তিন কিশোরকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গতকাল জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম চন্দন কান্তি রায় এই জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালতে এক কিশোর দাবি করে, মনিরার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মনিরা আরও কয়েকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানার পর সে কষ্ট পায়। এর জেরে মনিরাকে হত্যার পরিকল্পনা করে। সে (ছেলেটি) ঘোড়াশাল বাসস্ট্যান্ডের কাছে একটি ভাঙারির দোকানে কাজ করত। একই দোকানে কাজ করত আরও দুই বন্ধু। পরিকল্পনা অনুযায়ী ৪ এপ্রিল রাতে মনিরাকে ডেকে আনে সে। এ সময় ওই দুই বন্ধু তার সঙ্গে ছিল। কৌশলে শীতলক্ষ্যা নদীর তীরে নির্জন এক স্থানে নিয়ে তারা মনিরাকে ধর্ষণ করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে মনিরাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।