নাটোরে সহপাঠীকে খুনের পর লাশ গুম করার ঘটনায় গ্রেপ্তার তিন কিশোর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনামুল হকের আদালতে তারা এই জবানবন্দি দেয়।
আদালতের পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া কিশোর হুসাইদ হোসেন, বাইজিদ হাসান ও নাঈম হোসেনকে সদর থানার পুলিশ গতকাল বেলা তিনটায় হাকিম এনামুল হকের আদালতে হাজির করে। আদালত প্রথমে আসামিদের কাছে জবানবন্দি দেওয়ার ভালো-মন্দ দিকগুলো তুলে ধরেন। তারপর জবানবন্দি দেবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আসামিদের দুই ঘণ্টা সময় দেন। পরে বিকেল সাড়ে পাঁচটায় আসামিদের আবারও বিচারকের সামনে হাজির করলে তারা জবানবন্দি দিতে সম্মতি জানায়। এরপর এক এক করে তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন বিচারক।
পুলিশের একটি সূত্র জানায়, ওই তিন কিশোর কেন কীভাবে তানভিরকে হত্যা করেছে, সেই বর্ণনা দিয়েছে।
গত ২৫ আগস্ট সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তানভির হোসেন (১১) অপহৃত হয়। এর তিন দিন পর অপহরণকারীরা তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দিনই তার পরিবারের পক্ষ থেকে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ তাকে উদ্ধারে ব্যর্থ হলে তার বাবা র্যা ব-৫-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহবুব আলমের শরণাপন্ন হন। তাঁর তত্ত্বাবধানে ৭২ ঘণ্টার মধ্যেই তানভিরকে অপহরণে জড়িত এই তিন সহপাঠীকে আটক করে র্যা ব। তাদের কথামতো মঙ্গলবার দুপুরে ওই মাদ্রাসার পাশের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তানভিরের লাশ উদ্ধার করা হয়।