প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন (দীপন) হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবদুস সবুর নামের আরেক আসামি। পুলিশ বলছে, সবুর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (বর্তমান আনসার আল ইসলাম) সদস্য।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই আসামির জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের উপপরিদর্শক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ২৯ আগস্ট এই হত্যা মামলায় জবানবন্দি দেন মইনুল হাসান ওরফে শামীম নামের আরেক আসামি।
মইনুল হাসানও আনসারুল্লাহর সদস্য বলে তখন পুলিশ গণমাধ্যমকে বলেছিল।
আবদুস সবুরকে ৩ সেপ্টেম্বর টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি।