স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আরেক র্যাব সদস্য
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) আরেক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে র্যাব-১১-এর উপপরিদর্শক (এসআই) পূর্ণেন্দু বালা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সাত খুনের ঘটনায় দায়ের হওয়া আলাদা দুটি মামলায় পূর্ণেন্দু বালাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার সাত দিন পর আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তিনি।
এ নিয়ে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাসহ মোট ১১ জন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাক্ষী হিসেবে র্যাবের নয়জন সদস্যসহ ১২ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় আলাদা দুটি হত্যা মামলা করেন।