স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আরেক র্যাব সদস্য
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার মাগুরা থেকে গ্রেপ্তার হওয়া র্যাবের সদস্য মো. নুরুজ্জামান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুনের ঘটনার সময় তিনি র্যাব-১১তে কর্মরত ছিলেন।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক সিদ্দিকীর আদালতে আলাদা দুটি মামলায় নুরুজ্জামান জবানবন্দি দেন বলে জানান অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গতকাল রাতে মাগুরা শহরের বালিকা সরকারি উচ্চবিদ্যালয়ের কাছে কাজী টাওয়ার মার্কেট থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের এবং পরদিন একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করা হয়।
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র্যাবের ১৫ জন সদস্যসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া লোকজনের মধ্যে র্যাবের ১২ জন সদস্যসহ ১৪ জন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর র্যাবের নয় সদস্যসহ মোট ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।