স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আশরাফ হোসেন
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এজাহারভুক্ত আসামি ও শহর যুবলীগের সভাপতি আশরাফ হোসেন সরকার। তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন, তা জানা যায়নি।এদিকে, এ মামলায় সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল নিশ্চিত করেছে পুলিশ। গত রোববার রাতে নরসিংদী শহরের সাটিরপাড়া কুমিল্লা কলোনির বাসা থেকে কাজী আলম (৪৫) ও কবির হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কিন্তু থানার পুলিশ গত সোমবার বিষয়টি নিশ্চিত করেনি।নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘লোকমান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কাজী আলমকে গ্রেপ্তার ও তাঁর সহযোগী হিসেবে কবির হোসেনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।’এ ছাড়া, এজাহারভুক্ত আসামি আশরাফ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন উল্লেখ করে এসপি মহিদ উদ্দিন বলেন, রিমান্ডে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল সকালে আশরাফকে আদালতে হাজির করা হয়। সকাল নয়টার দিকে তাঁকে সরাসরি জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিবুল ইসলামের খাসকামরায় হাজির করা হয় জবানবন্দি রেকর্ড করার জন্য। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার জবানবন্দি শেষে বেলা সাড়ে তিনটার দিকে আশরাফকে নরসিংদী কারাগারে পাঠানো হয়।এদিকে, আসামি আশরাফের পক্ষের আইনজীবী শরফুদ্দীন খান আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মক্কেলের জামিনের আবেদন করার জন্য তিনি আদালতে ছিলেন। কিন্তু তাঁর মক্কেলকে আদালতকক্ষে হাজির না করে জবানবন্দি শেষে কৌশলে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ জন্য তিনি জামিন আবেদন করার সুযোগ পাননি।গত ১ নভেম্বর রাতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদ ওরফে বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।